এক আসনে বড় ভাই বিএনপির, ছোট ভাই জামায়াতের প্রার্থী

প্রকাশঃ নভেম্বর ৪, ২০২৫ সময়ঃ ১:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজীবপুর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুখোমুখি হচ্ছেন দুই ভাই। বড় ভাই আজিজুর রহমান পেয়েছেন বিএনপির প্রাথমিক মনোনয়ন, আর ছোট ভাই মোস্তাফিজুর রহমান মোস্তাককে আগে মনোনয়ন দিয়েছে জামায়াত ইসলামী। একই পরিবারের দুই সদস্য প্রধান দুটি রাজনৈতিক দলের প্রার্থী হওয়ায় এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

গতকাল সোমবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে কুড়িগ্রাম-৪ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় আজিজুর রহমানের নাম।

চায়ের দোকান থেকে সামাজিক যোগাযোগমাধ্যম—সব জায়গায়ই এখন আলোচনার কেন্দ্রবিন্দু ভাই–ভাইয়ের এই লড়াই। চিলমারীর প্রবীণ রাজনীতিক আজগার আলী বলেন, ‘এ অঞ্চলে এমন ঘটনা আগে দেখা যায়নি। নির্বাচনে এটি এক নতুন আকর্ষণ।’

কুড়িগ্রাম-৪ আসনে ভোটার ৩ লাখ ৩৮ হাজার ৪১২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৮ হাজার ৭১১, নারী ১ লাখ ৬৯ হাজার ৬৯২ এবং তৃতীয় লিঙ্গের ৯ জন ভোটার রয়েছেন। এই বিপুল ভোটারকে টার্গেট করেই চলছে দুই ভাইয়ের প্রচেষ্টা।

ঐতিহ্যগতভাবে বিএনপি ও জামায়াতের শক্ত অবস্থান রয়েছে এ আসনে। আজিজুর রহমান রৌমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। অন্যদিকে তাঁর ভাই মোস্তাফিজুর রহমান রৌমারী উপজেলা জামায়াতের সাবেক আমির হিসেবে পরিচিত।

মনোনয়ন পাওয়া নিয়ে মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, ‘বড় ভাই বিএনপির প্রার্থী হলেও আমাকে হারানো সহজ হবে না। জামায়াতের জনপ্রিয়তা বেড়েছে, ফলাফলে প্রভাব পড়বে না।’

অন্যদিকে আজিজুর রহমানের বক্তব্য, ‘ছোট ভাই একসময় বিএনপির রাজনীতি করত। পরে জামায়াতে গেছে। আমাকে বাদ দিলে সে সুবিধা নিতে পারত। এখন আমি মাঠে আছি—জনগণ আমাকে চায় বলে আমি আশাবাদী।’

 

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G