ফেনীতে রেললাইনের ফিশপ্লেট খুলে সিগন্যাল খুঁটিতে লাল কাপড় বেঁধে দিল দুর্বৃত্তরা

প্রকাশঃ নভেম্বর ৮, ২০২৫ সময়ঃ ৬:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

ফেনীতে ঢাকা–চট্টগ্রাম রেলপথে দুর্বৃত্তরা রেললাইনের ফিশপ্লেট ও নাটবল্টু খুলে ফেলে সিগন্যাল বাতির খুঁটিতে লাল কাপড় বেঁধে রাখে। সময়মতো বিষয়টি টের পাওয়ায় বড় ধরনের ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। শনিবার (৮ নভেম্বর) ভোরে সদর উপজেলার দক্ষিণ সহদেবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, রাতে দুর্বৃত্তরা আপলাইনের ৮৯ দশমিক ০১ অংশে একটি রেলবিটের ফিশপ্লেট, ছয়টি নাট, ২০টি কার্ড স্লিপার ও ৪০টি ইআরসি খুলে ফেলে। পরে রেলবিটটি প্রায় এক ফুট দূরে সরিয়ে নিয়ে সিগন্যাল বাতির খুঁটির সঙ্গে লাল কাপড় বেঁধে রাখে। এছাড়া চট্টগ্রামমুখী লাইনের ১০০ গজ দূরত্বে রেললাইনের ওপরও লাল কাপড় টানিয়ে দেয় তারা।

গেটম্যান আমিনুল ইসলাম সকালে দায়িত্ব পালনের সময় লাল কাপড় ও আলগা রেলবিট দেখে দ্রুত রেলওয়ে কর্তৃপক্ষকে খবর দেন। খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় লাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করেন।

ফেনী রেলওয়ে প্রকৌশলী বিভাগের মেট ফারুক হোসেন বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মেরামত কাজ শুরু করা হয়। সকাল আটটার পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।”

উপসহকারী প্রকৌশলী সারোয়ার আলম জানান, “ঘটনাস্থলের আশপাশে রাতে কিছু মাদকাসক্ত ব্যক্তি আড্ডা দেয়। তবে এটি নাশকতা নাকি চুরির উদ্দেশ্যে করা হয়েছে, তা তদন্ত চলছে।”

রেলওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) তরুণ কান্তি চাকমা জানান, “রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হচ্ছে।”

রেলওয়ে কর্মকর্তারা প্রাথমিকভাবে মনে করছেন, ঘটনাটি পরিকল্পিত নাশকতার অংশ হতে পারে। কারণ, দুর্বৃত্তরা শুধু ফিশপ্লেটই খুলে নেয়নি, ঘটনাস্থলে রেঞ্চ ও ছেনি জাতীয় সরঞ্জামও ফেলে গেছে।

এ ঘটনায় ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। ফেনী রেলস্টেশনের স্টেশনমাস্টার মোহাম্মদ হারুন জানান, চট্টলা এক্সপ্রেস সকাল সোয়া ৭টার পরিবর্তে সোয়া ৯টায় ফেনী অতিক্রম করেছে। অন্য ট্রেনগুলোও কিছুটা বিলম্বে গন্তব্যে পৌঁছায়।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G