ত্বকে বরফ লাগানোর আগে জেনে নিন সঠিক নিয়ম

প্রথম প্রকাশঃ এপ্রিল ৭, ২০২৬ সময়ঃ ৯:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৩ অপরাহ্ণ

রোদে বাইরে থেকে ফেরার পর অনেকেরই ত্বকে জ্বালাপোড়া, লালচে ভাব বা অতিরিক্ত গরম লাগার মতো সমস্যা দেখা দেয়। এমন পরিস্থিতিতে ঠাণ্ডা অনুভূতি পেতে অনেকেই পানিতে বরফ মিশিয়ে মুখ ডুবিয়ে রাখেন বা সরাসরি ত্বকে বরফ ব্যবহার করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এই ‘আইস ফেশিয়াল’ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এই পদ্ধতি যতটা সহজ মনে হয়, ততটা সব ত্বকের জন্য নিরাপদ নয়।

ত্বকে বরফ প্রয়োগ করলে কিছু তাৎক্ষণিক উপকার পাওয়া যায়। যেমন—চোখ ও মুখের ফোলাভাব কমে, ক্লান্তির ছাপ কিছুটা হালকা হয় এবং ত্বকের রন্ধ্র সাময়িকভাবে ছোট হয়ে আসে। রোদে পোড়া ত্বকের লালচে ভাব ও জ্বালাভাবও কিছুটা কমতে পারে, ফলে মুখ সতেজ দেখায়।

তবে বিশেষজ্ঞরা বলছেন, এই পদ্ধতি সবার জন্য সমানভাবে উপযোগী নয়। যাদের ত্বক সংবেদনশীল বা যাদের রোজাসিয়া, অতিরিক্ত লালচে ভাব কিংবা অ্যালার্জির সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে সরাসরি বরফ ব্যবহার করলে উল্টো ক্ষতি হতে পারে। অতিরিক্ত শুষ্ক ত্বকেও এটি সমস্যা বাড়াতে পারে।

বরফ ব্যবহারের সময় কিছু বিষয় মেনে চলা জরুরি। সরাসরি ত্বকে বরফ না লাগিয়ে পরিষ্কার কাপড়ে জড়িয়ে ব্যবহার করা ভালো, অথবা ঠাণ্ডা পানির সঙ্গে মিশিয়ে নেওয়া যেতে পারে। দীর্ঘ সময় ধরে ত্বকের ওপর বরফ রাখা ঠিক নয়। ব্যবহার শেষে মুখ মুছে ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বক ভালো থাকে।

চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, আইস ফেশিয়াল ত্বকে সাময়িক স্বস্তি দিলেও এটি কোনো দীর্ঘমেয়াদি সমাধান নয়। তাই নিয়মিত অভ্যাস হিসেবে এটি ব্যবহার না করে সচেতনভাবে প্রয়োগ করাই বুদ্ধিমানের কাজ।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G