পানির তীব্র সংকটে পুরোপুরি বন্ধের মুখে কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্র

প্রকাশঃ এপ্রিল ২৫, ২০২৬ সময়ঃ ১০:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৩ অপরাহ্ণ

পানির তীব্র সংকটে রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন আশঙ্কাজনকভাবে কমে গেছে। পানি কমে যাওয়ায় কেন্দ্রটির পাঁচটি ইউনিটের মধ্যে চারটি ইতোমধ্যে বন্ধ রাখা হয়েছে। বর্তমানে চালু আছে মাত্র একটি ইউনিট, যেখানে ২৩০ মেগাওয়াট সক্ষমতার এই কেন্দ্র থেকে উৎপাদন হচ্ছে মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ।

কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কাপ্তাই হ্রদে পানির স্তর অস্বাভাবিকভাবে নেমে যাওয়ায় উৎপাদন সক্ষমতা দ্রুত কমে এসেছে। গত সপ্তাহেও দুটি ইউনিট সচল রাখা সম্ভব হলেও পানি আরও কমে যাওয়ায় মঙ্গলবার একটি ইউনিট বন্ধ করে দিতে হয়েছে। এখন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, বৃষ্টি না হলে অবশিষ্ট ইউনিটটিও বন্ধ হয়ে যেতে পারে।

দায়িত্বশীল সূত্রগুলো বলছে, বর্তমানে চালু থাকা একমাত্র ইউনিট থেকে সর্বোচ্চ ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে। কিন্তু পানির প্রবাহ আরও কমে গেলে সেটিও ধরে রাখা কঠিন হবে। এতে কেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, চলতি শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদের পানির স্তর দ্রুত কমে যাচ্ছে। এই হ্রদের পানির ওপর পুরোপুরি নির্ভরশীল হওয়ায় কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন এখন সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

তিনি বলেন, রুলকার্ভ অনুযায়ী এ সময়ে কাপ্তাই হ্রদের পানির স্তর থাকার কথা ৮৩ দশমিক ৮০ ফুট (এমএসএল)। তবে বুধবার সকালে সেখানে পানির স্তর রেকর্ড করা হয়েছে মাত্র ৭৭ দশমিক ৪৭ ফুট, যা স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক কম।

সংশ্লিষ্টদের আশঙ্কা, দ্রুত বৃষ্টিপাত না হলে কাপ্তাই হ্রদের পানির স্তর আরও নিচে নেমে যাবে। এতে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G