বয়স পঞ্চাশ পেরোলেও যেভাবে নিজেকে ফিট রাখছেন রুবাবা

প্রকাশঃ মে ১৭, ২০২৬ সময়ঃ ১০:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৬ অপরাহ্ণ

বয়স যে কেবল একটি সংখ্যা, সেই কথার বাস্তব উদাহরণ হিসেবে অনেকেই দেখেন করপোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলাকে। পঞ্চাশের গণ্ডি পেরিয়েও তার ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস ও প্রাণবন্ত উপস্থিতি অনেকের কাছেই অনুপ্রেরণা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কীভাবে ব্যস্ত জীবনের মাঝেও নিজেকে সুস্থ ও ফিট রাখেন।

রুবাবার মতে, ফিটনেস শুধু শরীরচর্চা বা ডায়েটের মধ্যে সীমাবদ্ধ নয়। সুস্থ থাকতে শারীরিক যত্নের পাশাপাশি মানসিক সুস্থতাকেও সমান গুরুত্ব দিতে হয়। তার বিশ্বাস, ইতিবাচক মানসিকতা একজন মানুষকে ভেতর থেকে তরুণ ও প্রাণবন্ত রাখে।

করপোরেট জীবনের ব্যস্ততা ও চাপের মধ্যেও নিজের জন্য কিছুটা সময় আলাদা করে রাখার চেষ্টা করেন তিনি। পছন্দের কাজ করা, নিজের শখকে সময় দেওয়া এবং ছোট ছোট আনন্দের মুহূর্ত উপভোগ করাকেই তিনি মানসিক প্রশান্তির বড় উৎস মনে করেন।

মানসিক স্বাস্থ্য নিয়ে সমাজে এখনো অনেক সংকোচ রয়েছে বলেও মন্তব্য করেন রুবাবা দৌলা। তার ভাষায়, শারীরিক অসুস্থতায় মানুষ সহজেই চিকিৎসকের কাছে গেলেও মানসিক সমস্যার ক্ষেত্রে অনেকেই তা এড়িয়ে যান। অথচ মানসিক সুস্থতা মানুষের সার্বিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিজেকে মানসিকভাবে স্থির রাখতে নিয়মিত মেডিটেশন বা ধ্যান করেন বলেও জানান তিনি। তার মতে, ধ্যান মনকে শান্ত রাখতে এবং ইতিবাচক চিন্তা ধরে রাখতে সাহায্য করে।

রুবাবা মনে করেন, জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও আত্মনিয়ন্ত্রণ মানুষকে আরও আত্মবিশ্বাসী করে তোলে। তার ফিটনেস ও ব্যক্তিত্বের পেছনে শুধু বাহ্যিক যত্ন নয়, বরং সুন্দর চিন্তাভাবনা ও মানসিক প্রশান্তিও বড় ভূমিকা রেখেছে।

প্রতি / এডি / শাআ 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G