ফিফার নতুন নিয়মে অনিশ্চিত হয়ে পড়েছে দি মারিয়ার বিশ্বকাপ খেলা

প্রকাশঃ মে ২৭, ২০২৬ সময়ঃ ১০:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫২ অপরাহ্ণ

সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে এক আলোচনা—আর্জেন্টাইন তারকা আনহেল দি মারিয়া নাকি অবসর ভেঙে আবারও বিশ্বকাপ দলে ফিরতে পারেন। এমনকি কেউ কেউ দাবি করছেন, ২০২৬ বিশ্বকাপে খেলতে আগ্রহও রয়েছে এই অভিজ্ঞ উইঙ্গারের। তবে বাস্তবে এ ধরনের গুঞ্জনের পক্ষে এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো তথ্য বা আনুষ্ঠানিক ইঙ্গিত পাওয়া যায়নি।

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে আর্জেন্টিনা ইতোমধ্যে ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড তৈরি করেছে। কোচ লিওনেল স্কালোনি তরুণ ও অভিজ্ঞ ফুটবলারদের সমন্বয়ে দল সাজানোর চেষ্টা করেছেন। তবে সেই তালিকায় দি মারিয়ার নাম নেই। আগামী ২৮ মে’র মধ্যে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করার কথা রয়েছে।

এদিকে সামাজিক মাধ্যমে নানা স্পোর্টস পেজ ও ইউটিউব চ্যানেলে দি মারিয়ার ফেরার গুঞ্জন প্রচার হলেও মূলধারার আন্তর্জাতিক বা আর্জেন্টাইন গণমাধ্যমে এ নিয়ে কোনো বিশ্বাসযোগ্য প্রতিবেদন প্রকাশ হয়নি।

২০২৪ কোপা আমেরিকা জয়ের পর জাতীয় দল থেকে বিদায় নেন দি মারিয়া। এরপর বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বারবার জানিয়েছেন, আর্জেন্টিনার হয়ে তার অধ্যায় শেষ হয়েছে। বর্তমানে নিজের শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে খেলছেন এই তারকা এবং সেখানে ভালো পারফরম্যান্সও করছেন।

সম্প্রতি এক ম্যাচ শেষে সাংবাদিকরা মজা করে জানতে চান, কোচ স্কালোনি যদি তার বর্তমান পারফরম্যান্স দেখে আবার জাতীয় দলে ডাক দেন, তাহলে কী হবে? উত্তরে হাস্যরসের সুরে দি মারিয়া বলেন, স্কালোনি নাকি ইউরোপের খেলা বেশি দেখেন, তাই চিন্তার কিছু নেই। তার এই মন্তব্যকেই অনেকে ভুলভাবে ব্যাখ্যা করে নতুন গুঞ্জন ছড়াচ্ছেন।

তবে বাস্তবতা হলো, ফিফার নিয়ম অনুযায়ী বিষয়টি প্রায় অসম্ভব। বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দল প্রথমে ৩৫ থেকে ৫৫ জনের একটি প্রাথমিক তালিকা জমা দেয়। এরপর সেখান থেকেই ২৩ থেকে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়। চূড়ান্ত দলে থাকা কোনো খেলোয়াড় গুরুতর চোট বা অসুস্থতায় ছিটকে গেলে কেবল প্রাথমিক তালিকায় থাকা অন্য কাউকে অন্তর্ভুক্ত করা যায়।

যেহেতু আর্জেন্টিনার প্রাথমিক তালিকায় দি মারিয়ার নামই নেই, তাই বর্তমান নিয়ম অনুযায়ী তার বিশ্বকাপ দলে ফেরার সুযোগ নেই বললেই চলে।

তবুও সমর্থকদের আবেগের জায়গাটা আলাদা। ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনাল, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকার গুরুত্বপূর্ণ ম্যাচ এবং ফিনালিসিমায় আর্জেন্টিনার জয়ে বড় ভূমিকা ছিল দি মারিয়ার। বড় ম্যাচে গোল করে দলকে শিরোপা এনে দেওয়ার কারণে ভক্তদের কাছে তিনি এখনো বিশেষ এক আবেগের নাম।

তবে ফুটবলীয় বাস্তবতা বলছে, দি মারিয়া এখন আর্জেন্টিনার সোনালি ইতিহাসের অংশ হলেও ২০২৬ বিশ্বকাপে তার ফেরার সম্ভাবনা কার্যত নেই।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G