পুশইন করা ১১ জনকে ফের নিজেদের ভূখণ্ডে ফেরত নিল বিএসএফ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে দুই দিন ধরে শূন্যরেখায় অবস্থান করা নারী ও শিশুসহ ১১ জনকে আবারও ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, সোমবার ভোরের দিকে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের সীমান্তের জিরো লাইন এলাকা থেকে সরিয়ে নিজেদের ভূখণ্ডে নিয়ে যায়। বর্তমানে সেখানে তাদের আর দেখা যাচ্ছে না।
এর আগে শনিবার ভোরে মশালগাঁও বিওপির আওতাধীন সীমান্ত দিয়ে ওই ১১ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। তবে বিজিবির কড়া নজরদারি ও সতর্ক অবস্থানের কারণে সেই উদ্যোগ সফল হয়নি। পরে তারা সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকায় অবস্থান করতে থাকে।
সূত্র জানিয়েছে, ওই দলে ৩ জন পুরুষ, ৪ জন নারী এবং ৪ শিশু ছিল। দীর্ঘ সময় খোলা জায়গায় অবস্থানের কারণে তারা মানবিক সংকটে পড়েন। তাদের মধ্যে একজন গর্ভবতী নারীও ছিলেন বলে জানা গেছে।
৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার রয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ কিংবা পুশইনের চেষ্টা ঠেকাতে সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
ঘটনাটি নিয়ে সীমান্ত এলাকায় কয়েকদিন আলোচনা ও উত্তেজনা থাকলেও বিএসএফ শেষ পর্যন্ত তাদের নিজ ভূখণ্ডে ফিরিয়ে নেওয়ায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
প্রতি / এডি / শাআ









