যানজট কমাতে মরুভূমিতে চালু হলো আফ্রিকার প্রথম চালকবিহীন মনোরেল

প্রকাশঃ জুন ১৫, ২০২৬ সময়ঃ ১০:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪৩ অপরাহ্ণ

মিসরের রাজধানী কায়রোর যানজটের চাপ কমাতে মরুভূমির বুকে গড়ে তোলা হচ্ছে একটি নতুন প্রশাসনিক শহর। এই নতুন শহরের সঙ্গে দ্রুত ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে চালু করা হয়েছে আফ্রিকার প্রথম চালকবিহীন মনোরেল।

সম্পূর্ণ প্রকল্প বাস্তবায়িত হলে এটি বিশ্বের অন্যতম দীর্ঘ মনোরেল নেটওয়ার্ক হিসেবে জায়গা করে নেবে।

গত মে মাসে ৫৬.৫ কিলোমিটার দীর্ঘ ইস্ট নাইল রুট চালুর মাধ্যমে এই স্বয়ংক্রিয় মনোরেলের কার্যক্রম শুরু হয়। বর্তমানে গিজার সঙ্গে সংযোগ স্থাপনকারী আরও ৪৩.৮ কিলোমিটার দীর্ঘ ওয়েস্ট নাইল লাইনের নির্মাণ কাজ চলমান রয়েছে। দুটি রুট মিলিয়ে মোট ১০০.৩ কিলোমিটার দীর্ঘ এই নেটওয়ার্কটি চালু হলে চীনের চংকিংয়ের ৯৮.৫ কিলোমিটার দীর্ঘ রেকর্ডকে ছাড়িয়ে যাবে।

একক যাত্রার পূর্ণ লাইনের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০ মিসরীয় পাউন্ড (প্রায় ১.৫১ ডলার)। ধারণা করা হচ্ছে, প্রতিদিন প্রায় ৫ লাখ যাত্রী এই মনোরেল ব্যবহার করতে পারবেন।

কায়রোর যানজট কমাতে ২০১৯ সালে ফরাসি কোম্পানি আলস্টমের সঙ্গে প্রায় ৩০০ কোটি ডলারের একটি চুক্তি হয়। ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিতে চলা এই স্বয়ংক্রিয় ট্রেনগুলো একদিকে প্রতি ঘণ্টায় প্রায় ৪৫ হাজার যাত্রী পরিবহন করতে সক্ষম।

মানবচালনার প্রয়োজন ছাড়াই রেডিও সিগন্যালের মাধ্যমে ট্রেনের চলাচল, দরজা নিয়ন্ত্রণ এবং জরুরি পরিস্থিতি পরিচালিত হয়। এ ব্যবস্থায় ব্রেকিং এনার্জির প্রায় ৯৯ শতাংশ পুনরুদ্ধার করা যায়, যা এটিকে পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী করে তোলে।

এই প্রকল্পে ৯৮ শতাংশ কর্মীই স্থানীয়ভাবে নিয়োজিত। নির্মাণ শেষ হওয়ার পর আগামী ৩০ বছর এই মনোরেল নেটওয়ার্কের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে সংশ্লিষ্ট কনসোর্টিয়াম।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G