মানবজাতির জন্য বড় হুমকি এআই, ধ্বংস হতে পারে চলতি দশকেই

প্রকাশঃ সেপ্টেম্বর ৯, ২০২৬ সময়ঃ ৮:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৬ অপরাহ্ণ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি নিয়ন্ত্রণ করা না গেলে চলতি দশকের শেষ নাগাদ মানবজাতির অস্তিত্ব ভয়াবহ হুমকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন মার্কিন গবেষক জ্যাকব কক্সন। এই ঝুঁকি নিয়ে উদ্বেগের কথা জানিয়ে ২৭ বছর বয়সী এই গবেষক এআই গবেষণা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের চাকরি ছেড়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে কক্সনের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যের বরাত দিয়ে এসব তথ্য জানানো হয়।

ওপেনএআই ও অ্যানথ্রোপিকে প্রায় তিন বছর প্রিট্রেনিং গবেষক হিসেবে কাজ করেছেন কক্সন। পদত্যাগের পর তিনি অভিযোগ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে প্রতিযোগিতা করতে গিয়ে প্রতিষ্ঠানগুলো মানবজাতির সম্ভাব্য ঝুঁকিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না।

তাঁর দাবি, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো দ্রুত এমন ‘সুপারইন্টেলিজেন্স’ তৈরির প্রতিযোগিতায় নেমেছে, যা মানুষের সক্ষমতাকে অনেক ক্ষেত্রে ছাড়িয়ে যেতে পারে। এই প্রতিযোগিতা শেষ পর্যন্ত মানুষের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে বলে আশঙ্কা তাঁর।

মানুষের নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে এআই

কক্সনের ভাষ্য অনুযায়ী, এআই খাতের অনেক শীর্ষ নির্বাহী ও জ্যেষ্ঠ গবেষক প্রকাশ্যে তুলনামূলক আশাবাদী অবস্থান নিলেও ব্যক্তিগত আলোচনায় তাঁরা এআইয়ের কারণে মানবসভ্যতার অস্তিত্ব সংকটে পড়ার সম্ভাবনার কথা স্বীকার করেন।

তিনি আরও আশঙ্কা প্রকাশ করেছেন, ভবিষ্যতে এমন অত্যন্ত শক্তিশালী এআই ব্যবস্থা তৈরি হতে পারে, যা বিভিন্ন প্রযুক্তিগত নিরাপত্তাব্যবস্থা ভেঙে ফেলতে এবং বিপুল পরিমাণ সম্পদ ও ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সক্ষমতা অর্জন করতে পারে।

ওপেনএআই ও অ্যানথ্রোপিক নিয়ে ভিন্ন মূল্যায়ন

দুই প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতার ভিত্তিতে কক্সন ওপেনএআই ও অ্যানথ্রোপিকের ঝুঁকি মোকাবিলার পদ্ধতির মধ্যেও পার্থক্য তুলে ধরেছেন।

তাঁর মতে, ওপেনএআই এখনও এআইয়ের সম্ভাব্য অস্তিত্বগত ঝুঁকির ব্যাপ্তি পুরোপুরি উপলব্ধি করতে পারেনি। অন্যদিকে অ্যানথ্রোপিক এসব ঝুঁকি সম্পর্কে সচেতন হলেও প্রতিযোগীদের আগে অত্যাধুনিক এআই প্রযুক্তি তৈরির চাপ থেকে বের হতে পারছে না।

কক্সনের বক্তব্যের প্রতিক্রিয়ায় অ্যানথ্রোপিকের অ্যালাইনমেন্ট সায়েন্স বিভাগের প্রধান ইভান হাবিনগারও এআই ঝুঁকি নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন। তাঁর মতে, আগামী এক দশকের মধ্যে এআইয়ের কারণে মানবজাতির বিলুপ্তির আশঙ্কা ১০ শতাংশের বেশি হতে পারে।

তবে সুপারইন্টেলিজেন্সকে কীভাবে নিরাপদভাবে নিয়ন্ত্রণ করা হবে, সে বিষয়ে এখনো সুস্পষ্ট কোনো পরিকল্পনা তৈরি হয়নি বলেও তিনি উল্লেখ করেছেন।

এআই উন্নয়নে বিরতির আহ্বান

এআই খাতের দ্রুত অগ্রগতি নিয়ে বিতর্কের মধ্যেই কক্সন উন্নত এআই মডেলের সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে সাময়িক বিরতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে অ্যানথ্রোপিকের অন্যতম সমালোচক ইলন মাস্ক সম্প্রতি প্রতিষ্ঠানটির কাজের প্রশংসা করেছেন। তিনি অ্যানথ্রোপিককে বর্তমান এআই প্রতিযোগিতার অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে তাদের নতুন মডেলগুলোর সক্ষমতার কথাও তুলে ধরেছেন।

এআইয়ের ক্ষমতা যত দ্রুত বাড়ছে, ততই এর নিরাপত্তা, নিয়ন্ত্রণ ও মানবসভ্যতার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে বিতর্ক জোরালো হচ্ছে। গবেষক কক্সনের পদত্যাগ ও সতর্কবার্তা সেই বিতর্কে নতুন করে গুরুত্ব যোগ করেছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G