অভিজিৎ দিপকে ও নেহা বোরাকে আটক করল দিল্লি পুলিশ

প্রকাশঃ অক্টোবর ১৬, ২০২৬ সময়ঃ ৮:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫০ অপরাহ্ণ

ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে আটক করেছে পুলিশ। একই ঘটনায় আটক করা হয়েছে ছাত্রনেতা নেহা বোরাকেও। এদিকে দিল্লির কনট প্লেস এলাকায় জড়ো হওয়া বিপুলসংখ্যক মানুষকে সরিয়ে দিতে তৎপরতা শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (শারদ পাওয়ার) মুখপাত্র আনিস গাওয়ান্ডের কারোলবাগের বাসা থেকে অভিজিৎ দিপকেকে আটক করা হয়। আটকের আগে ওই বাসায় অবস্থান করছিলেন তিনি।

সিজেপির ইনস্টাগ্রাম পেজে প্রচারিত একটি সরাসরি সম্প্রচারের ভিডিওতে দেখা যায়, দলটির কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার বিষয়ে প্রশ্ন তুলছেন দিপকে। আটকের সময় এক পুলিশ কর্মকর্তার উদ্দেশে তিনি বলেন, তাঁরা কোনো বিক্ষোভের ঘোষণা দেননি। তাঁদের পরিকল্পনা ছিল শুধু জাতীয় পতাকা উত্তোলন করা। এ কাজের জন্যও অনুমতি প্রয়োজন কি না, তা জানতে চান তিনি।

দিপকেকে আটকের প্রায় এক ঘণ্টা আগে তাঁর অবস্থান করা বাসায় গিয়ে পুলিশ সেন্ট্রাল পার্কে সিজেপির প্রস্তাবিত ‘তেরঙ্গা যাত্রা’ বন্ধ রাখার নির্দেশসংবলিত একটি নোটিশ দেয়। তবে ওই নির্দেশ মানতে অস্বীকৃতি জানান তিনি।

পুলিশের সঙ্গে দিপকের কথোপকথনের একটি ভিডিও প্রকাশ করেছে সিজেপি। একই ভিডিওর দৃশ্য ব্যবহার করে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিও। প্রতিবেদন অনুযায়ী, বিকেলে তেরঙ্গা যাত্রা আয়োজন না করতে দিপকেকে সতর্ক করেছিলেন পুলিশের এক কর্মকর্তা।

এর জবাবে দিপকে জানান, তাঁদের কর্মসূচিতে কোনো লাউডস্পিকার ব্যবহার করা হচ্ছে না। এমনকি এটিকে তাঁরা বিক্ষোভ সমাবেশ হিসেবেও দেখছেন না। তাঁদের পরিকল্পনা অনুযায়ী, জাতীয় পতাকা নিয়ে নির্ধারিত স্থানে গিয়ে পতাকা উত্তোলন করে ফিরে আসার কথা ছিল। জাতীয় পতাকা ওড়ানো কীভাবে বেআইনি হতে পারে, সে প্রশ্নও তোলেন তিনি।

ভিডিওর দৃশ্যে দিপকেকে সাদা টি-শার্ট ও নীল জিনস পরা অবস্থায় দেখা যায়। তাঁর টি-শার্টে মহাত্মা গান্ধীর ছবি ছিল এবং কাঁধে রাখা ছিল ভারতের জাতীয় পতাকা। পুলিশের দেওয়া নথিপত্র হাতে নিয়ে সেগুলোতে তাঁর বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আনা হয়েছে, তা নিয়েও প্রশ্ন করেন তিনি।

ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আসছে সিজেপি। দলটির নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের গ্রেপ্তারের প্রতিবাদ জানাতেই শুক্রবারের কর্মসূচি ঘোষণা করেছিল দলটি।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G