নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু
ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় একটি পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। শুক্রবার রাতে নুডলস খেয়ে ঘুমাতে যাওয়ার পর শনিবার সকালে তাদের মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১৭ অক্টোবর) সকালে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা। তাঁদের সঙ্গে ছিলেন অ্যাম্বুলেন্সকর্মী, ফরেনসিক বিশেষজ্ঞ এবং খাদ্য নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা। পরে ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়।
নিহত ব্যক্তিরা হলেন মহেশ (৩৭), তাঁর স্ত্রী ললিতা (৩৫) এবং তাঁদের তিন সন্তান। শিশুদের মধ্যে দুই ছেলের বয়স ১১ ও ৩ বছর এবং মেয়ের বয়স ৭ বছর।
গ্রেটার নয়ডার সহকারী পুলিশ কমিশনার রাজীব কুমার সিসোদিয়া জানান, শুক্রবার রাতে খাবার খাওয়ার পর পরিবারের সদস্যরা স্বাভাবিক নিয়মেই ঘুমাতে যান। পরদিন সকালে খবর পেয়ে পুলিশ বাড়িটিতে গিয়ে তাঁদের নিথর দেহ দেখতে পায়।
পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, পরিবারের সদস্যরা শুক্রবার রাতে নুডলস খেয়েছিলেন। নিহত দম্পতির মা ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেও এ বিষয়ে তথ্য পাওয়া গেছে। তবে নুডলস খাওয়ার কারণেই তাঁদের মৃত্যু হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। মৃত্যুর কারণ নির্ধারণে ফরেনসিক দল প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। পাশাপাশি পাঁচজনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
মর্মান্তিক এ ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর গ্রামজুড়ে উদ্বেগ ও চাঞ্চল্য দেখা দেয়। ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে স্থানীয় জেওয়ার আসনের বিধায়ক ধীরেন্দ্র সিং নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের স্বজনদের খোঁজখবর নেন। তিনি জানান, বিষয়টি মুখ্যমন্ত্রীর দপ্তরকে অবহিত করা হয়েছে। তাঁর বক্তব্যে বিষাক্ত কোনো পদার্থ গ্রহণের সম্ভাবনার কথাও উঠে এসেছে।
বিধায়ক বলেন, সন্দেহভাজন খাদ্য উপাদান বা বিষাক্ত পদার্থ পরীক্ষার জন্য জব্দ করা হয়েছে। পরীক্ষায় সেটি বিষাক্ত বলে প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং সংগৃহীত নমুনার পরীক্ষার ফল পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। বর্তমানে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
প্রতি / এডি / শাআ


















