মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম কংগ্রেস সদস্য ইলহান ওমরের বড় জয়

প্রকাশঃ নভেম্বর ৫, ২০২৬ সময়ঃ ৮:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৪ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আবারও জয় পেয়েছেন ডেমোক্র্যাট দলের কংগ্রেসওম্যান ইলহান ওমর। মিনেসোটা অঙ্গরাজ্যের ৫ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে রিপাবলিকান প্রার্থী জন নাগেলকে পরাজিত করে টানা পঞ্চমবারের মতো মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

গত মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে ইলহান ওমর বড় ব্যবধানে জয় পান। নির্বাচনের ফলাফল অনুযায়ী, তিনি মোট ভোটের ৭৬ দশমিক ৪৮ শতাংশ পেয়েছেন। অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী জন নাগেল পেয়েছেন ১৬ দশমিক ২৩ শতাংশ ভোট। স্বতন্ত্র প্রার্থী ডিভেল এল জ্যাকসন পেয়েছেন ৭ দশমিক ০২ শতাংশ ভোট।

মিনেসোটার ৫ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের অন্তর্ভুক্ত মিনিয়াপোলিসসহ আশপাশের বেশ কয়েকটি শহর ও এলাকা। এর মধ্যে রয়েছে ব্রুকলিন সেন্টার, ক্রিস্টাল, গোল্ডেন ভ্যালি, নিউ হোপ, রিচফিল্ড, রবিনসডেল, কলাম্বিয়া হাইটস ও ফ্রিডলির মতো এলাকা।

২০১৮ সালে প্রথমবারের মতো মার্কিন কংগ্রেসের সদস্য নির্বাচিত হন ইলহান ওমর। এবার জয়ের মধ্য দিয়ে তিনি পঞ্চম মেয়াদে দায়িত্ব পালনের সুযোগ পেলেন। তিনি কংগ্রেসে নির্বাচিত প্রথম আফ্রিকান শরণার্থী এবং মিনেসোটা থেকে নির্বাচিত প্রথম কৃষ্ণাঙ্গ নারী প্রতিনিধি হিসেবে পরিচিতি পেয়েছেন।

নির্বাচনের আগে ইলহান ওমরকে নিয়ে বেশ কিছু বিতর্ক ও রাজনৈতিক সমালোচনা তৈরি হয়েছিল। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান দলের বিভিন্ন নেতা তাঁর সমালোচনা করেছিলেন। তবে এসব বিতর্ক নির্বাচনে তাঁর জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়নি।

গত ১২ অক্টোবর ওয়াশিংটন ডিসিতে তাঁর বাসায় ফেডারেল তদন্তকারীরা অভিযান চালান। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মকর্তারা জানান, এটি একটি চলমান তদন্তের অংশ। তবে এ ঘটনায় ইলহান ওমরের বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ আনা হয়নি। পাশাপাশি তাঁর কোনো অপরাধের প্রমাণও প্রকাশ্যে আসেনি।

সব মিলিয়ে এবারের নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়ে মিনেসোটার ৫ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব ধরে রাখলেন ইলহান ওমর।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G