শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুরের দুই মহাসড়ক, দুর্ভোগে যাত্রীরা
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরে বিক্ষোভে নেমেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। মঙ্গলবার সকাল থেকে মহানগরীর বিভিন্ন এলাকায় আন্দোলনের একপর্যায়ে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তাঁরা। এতে গুরুত্বপূর্ণ এই দুই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার বাসের যাত্রীসহ সাধারণ মানুষ। সকাল ১০টা পর্যন্ত মহাসড়ক দুটিতে অবরোধ অব্যাহত ছিল।
শ্রমিক অসন্তোষের প্রভাব পড়েছে কারখানাগুলোতেও। পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবার সকালে আরও পাঁচটি কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়। এর আগে সোমবার থেকে ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গাজীপুর মহানগরী এবং কালিয়াকৈর এলাকায় বেশ কিছুদিন ধরেই বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন। সোমবারও কোনাবাড়ী, চান্দনা চৌরাস্তা ও ভোগড়া এলাকায় দিনভর বিক্ষোভ করেন তাঁরা।
মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে নাওজোড় এলাকায় লাঠিসোঁটা নিয়ে শ্রমিকদের একটি দল বিক্ষোভ শুরু করে। পরে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। অন্যদিকে, চান্দনা চৌরাস্তায় শ্রমিকদের আরেকটি দল মিছিল নিয়ে সড়কে নামলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। একই মহাসড়কের ছয়দানা কলম্বিয়া এলাকাতেও সকাল থেকে বিভিন্ন কারখানার শ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন।
সড়ক অবরোধের ফলে মহাসড়ক দুটির উভয় পাশে যানবাহনের দীর্ঘ জট তৈরি হয়। অনেক যাত্রীকে বাস ও অন্যান্য যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা যায়। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় থানা পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবির সদস্যরা।
আন্দোলনরত শ্রমিকদের বক্তব্য, বর্তমান দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁদের মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করতে হবে। দীর্ঘদিন ধরে এ দাবি জানিয়ে আসলেও তা বাস্তবায়ন না হওয়ায় তাঁরা আবারও আন্দোলনে নেমেছেন।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার (এসপি) মো. আমজাদ হোসাইন প্রথম আলোকে জানান, সকালে কয়েকটি এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নিলেও তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। তবে ছয়দানা কলম্বিয়া এলাকায় শ্রমিকেরা জড়ো হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ ও বিজিবি সদস্যদের পাঠানো হয়েছে।
সাউন্ড গ্রেনেডে সাংবাদিক আহত
শ্রমিকদের বিক্ষোভ চলাকালে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডে আহত হয়েছেন দৈনিক কালবেলার ঢাকা অফিসের প্রতিবেদক আল মামুন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় একটি গ্রেনেড অসাবধানতাবশত সাংবাদিক আল মামুনের বাঁ পায়ে এসে লাগে। এতে তিনি আহত হন। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
শিল্পাঞ্চলে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন
গাজীপুরের শিল্পাঞ্চলগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় এসব সদস্য দায়িত্ব পালন করছেন।
প্রতি / এডি / শাআ





















