এসএসসি ফলাফলে রাজশাহী বোর্ডে শীর্ষে বগুড়া

প্রকাশঃ আগস্ট ১০, ২০২৬ সময়ঃ ১০:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৪ অপরাহ্ণ

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৬৭ শতাংশ। জেলাভিত্তিক ফলাফল বিশ্লেষণে সবচেয়ে ভালো করেছে বগুড়া। এ জেলায় পাসের হার ৭২ দশমিক ৬৪ শতাংশ, যা বোর্ডের আট জেলার মধ্যে সর্বোচ্চ।

বগুড়ায় এবার ৩২ হাজার ১৯৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৩ হাজার ৩৮৯ জন। একই সঙ্গে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পাওয়ার সংখ্যাতেও বগুড়া অন্য সব জেলার চেয়ে এগিয়ে রয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কার্যালয়ে এবারের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফরাত জেরিন ফলাফল ঘোষণা করেন।

বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, রাজশাহী বিভাগের আট জেলা থেকে এবার মোট ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ১২ হাজার ৮৬ জন। বোর্ডজুড়ে জিপিএ-৫ অর্জন করেছে ১৬ হাজার ১১৩ জন।

জেলাভিত্তিক পাসের হারে বগুড়ার পর দ্বিতীয় অবস্থানে রয়েছে জয়পুরহাট। সেখানে ৮ হাজার ৪৯১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৭৩৪ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৬৭ দশমিক ৫৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮৪৭ জন।

চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজার ২৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮ হাজার ৬২৩ জন। জেলার পাসের হার ৬৫ দশমিক ১৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১৩৮ জন।

নওগাঁয় ২১ হাজার ২৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৩ হাজার ২৮৪ জন। এ জেলার পাসের হার ৬২ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৭৩০ জন।

রাজশাহী জেলায় মোট ২৭ হাজার ৬৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭ হাজার ২৩৯ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৬২ দশমিক ২৮ শতাংশ। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৪৯ জন।

নাটোরে ১৫ হাজার ৭৪২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯ হাজার ৬৪২ জন। জেলার পাসের হার ৬১ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৪ জন।

পাবনায় পরীক্ষার্থী ছিল ২৬ হাজার ১৮১ জন। তাদের মধ্যে ১৫ হাজার ৯০৭ জন পাস করেছে। জেলার পাসের হার ৬০ দশমিক ৭৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৭০ জন।

অন্যদিকে, আট জেলার মধ্যে সবচেয়ে কম পাসের হার সিরাজগঞ্জে। জেলার ৩১ হাজার ২৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮ হাজার ২৬৮ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৫৮ দশমিক ৪৫ শতাংশ। তবে জিপিএ-৫ পাওয়ার সংখ্যা একেবারে কম নয়, এ জেলায় ১ হাজার ৯০৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এবারের ফলাফলে ছেলে ও মেয়েদের সাফল্যের মধ্যেও উল্লেখযোগ্য পার্থক্য দেখা গেছে। রাজশাহী শিক্ষা বোর্ডে ৯২ হাজার ৭৭৩ জন ছেলে পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৩ হাজার ১৯১ জন। তাদের পাসের হার ৫৭ দশমিক ৩৩ শতাংশ।

অন্যদিকে, ৮৩ হাজার ২৭১ জন মেয়ে পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৮ হাজার ৮৯৫ জন। মেয়েদের পাসের হার দাঁড়িয়েছে ৭০ দশমিক ৭৩ শতাংশ। অর্থাৎ পাসের হারে মেয়েরা ছেলেদের চেয়ে ১৩ দশমিক ৪০ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছে।

ফলাফলের সামগ্রিক পরিসংখ্যানেও ছাত্রীদের সাফল্য ছেলেদের তুলনায় বেশি। বোর্ডের কর্মকর্তাদের মতে, ধারাবাহিক পড়াশোনা ও ভালো প্রস্তুতির কারণে এবার বগুড়া জেলার শিক্ষার্থীরা অন্য জেলার তুলনায় ভালো ফল করেছে।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফরাত জেরিন বলেন, এবারের ফলাফলে বগুড়া জেলা সবচেয়ে ভালো করেছে। সেখানকার শিক্ষার্থীরা নিয়মিত ও মনোযোগ দিয়ে পড়াশোনা করায় ফলাফলেও তার প্রতিফলন দেখা গেছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G