চলতি এপ্রিলেই বোয়িং থেকে ১৪ বিমান কিনছে সরকার

প্রকাশঃ এপ্রিল ২৬, ২০২৬ সময়ঃ ৯:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫১ অপরাহ্ণ

বাংলাদেশ বিমান বাহিনী ও রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। বহরের সক্ষমতা বাড়াতে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ বিষয়ে এপ্রিলের মধ্যেই আনুষ্ঠানিক চুক্তি সই হতে পারে।

বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, উড়োজাহাজ কেনার এই প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫০ বিলিয়ন টাকা, যা প্রায় ২ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ।

সরকারের এই পদক্ষেপ মূলত আগের নীতিগত পরিকল্পনার ধারাবাহিকতা। পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকার উড়োজাহাজ সংগ্রহে এয়ারবাসের পরিবর্তে বোয়িংকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেয়, বর্তমান সরকার সেই প্রক্রিয়াকেই এগিয়ে নিচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বর্তমানে বহর সংকটে ভুগছে। আন্তর্জাতিক রুটে বিমানের চাহিদা বাড়লেও বিদ্যমান বহরে রয়েছে মাত্র ১৯টি উড়োজাহাজ। যাত্রী চাহিদা পূরণ ও রুট সম্প্রসারণে অন্তত ৩০ থেকে ৩৫টি উড়োজাহাজ প্রয়োজন বলে মনে করছে সরকার।

এ পরিস্থিতিতে ২০৩৪-৩৫ অর্থবছরের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর ৪৭টি উড়োজাহাজে উন্নীত করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

সরকার শুধু বোয়িংয়ের ওপর নির্ভরশীল থাকতে চায় না বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ইউরোপীয় নির্মাতা এয়ারবাসের সঙ্গেও আলোচনা চলছে। ভবিষ্যতে একটি ‘মিশ্র বহর’ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যাতে একক কোনো নির্মাতার ওপর নির্ভরশীলতা কমানো যায়।

স্বল্পমেয়াদে বহর সংকট কাটাতে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে লিজ বা ভাড়াভিত্তিক উড়োজাহাজ যুক্ত করার উদ্যোগও নেওয়া হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক রুট সম্প্রসারণের অংশ হিসেবে আগামী জুনে ঢাকা-টোকিও সরাসরি ফ্লাইট পুনরায় চালুর প্রস্তুতি চলছে।

বিমান চলাচল বিশেষজ্ঞদের মতে, বোয়িংয়ের নতুন ১৪টি উড়োজাহাজ যুক্ত হলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিবহন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। পাশাপাশি আন্তর্জাতিক রুটে প্রতিযোগিতামূলক অবস্থানও আরও শক্তিশালী হবে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

20G