জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা ছাত্রদলের

প্রকাশঃ সেপ্টেম্বর ১১, ২০২৫ সময়ঃ ৫:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল।

 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের অতিথি কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রদল মনোনীত প্যানেলের জিএস পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী। এ সময় ভিপি প্রার্থী শেখ সাদী হাসানও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বৈশাখী অভিযোগ করে বলেন, ‘তাজউদ্দীন হলে আমাদের ঢুকতে দেওয়া হয়নি, ভোটার তালিকায় ছবি নেই, ২১ নং হলে মব সৃষ্টি করা হয়েছে। এমনকি জাহানারা ইমাম হলে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা চালানো হয়েছে।’

 

তিনি আরও অভিযোগ করেন, জামায়াত নেতার সরবরাহ করা ওএমআর মেশিন ব্যবহার করে ভোটগ্রহণ চলছে। ‘আমরা ওই প্রতিষ্ঠানের ব্যালট চাইনি, কিন্তু সেই ব্যালটেই ভোট হচ্ছে। মেয়েদের হলে একই শিক্ষার্থী বারবার ভোট দিয়েছেন। শিবিরপন্থী সাংবাদিকরা আমাদের সঙ্গে অসদাচরণ করেছেন। এটি সুষ্ঠু নয়, বরং কারচুপি ও প্রহসনের নির্বাচন,’ বলেন বৈশাখী।

 

তিনি দাবি করেন, এই নির্বাচনে শিক্ষার্থীদের প্রকৃত রায়ের প্রতিফলন ঘটছে না, তাই তারা বাধ্য হয়ে নির্বাচন বর্জন করছেন।

 

এর আগে সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ২২৪টি বুথে ভোটগ্রহণ চলছে। কয়েকটি কেন্দ্র ছাড়া বেশিরভাগ কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে বলে জানা গেছে।

 

এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ৫ হাজার ৭২৮ জন এবং ছাত্র ৬ হাজার ১৫ জন। ২৫টি পদে মোট ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরো সংবাদঃ

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G