ফ্রিজের যে অংশ পরিষ্কার না করলেই বাড়তে পারে বিদ্যুৎ বিল

প্রকাশঃ জুলাই ১, ২০২৬ সময়ঃ ১১:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৮ অপরাহ্ণ

বর্তমান সময়ে প্রায় প্রতিটি ঘরেই ফ্রিজ একটি অপরিহার্য গৃহস্থালি যন্ত্র। খাবার দীর্ঘ সময় সতেজ ও নিরাপদ রাখতে এর ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে শুধু ব্যবহার করলেই দায়িত্ব শেষ নয়। নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে ফ্রিজের কর্মক্ষমতা কমে যেতে পারে, পাশাপাশি অপ্রয়োজনীয়ভাবে বাড়তে পারে বিদ্যুৎ বিল।

অনেকেই ফ্রিজের ভেতর পরিষ্কার রাখলেও পেছনের অংশে থাকা কনডেনসার কয়েল বা ধাতব জালির দিকে খুব একটা নজর দেন না। অথচ এই অংশটি পরিষ্কার না থাকলে ফ্রিজকে স্বাভাবিকের চেয়ে বেশি পরিশ্রম করতে হয়, যার প্রভাব পড়ে বিদ্যুৎ খরচের ওপর।

কেন পরিষ্কার রাখা জরুরি?

কনডেনসার কয়েলের কাজ হলো ফ্রিজের ভেতর থেকে উৎপন্ন তাপ বাইরে বের করে দেওয়া। সময়ের সঙ্গে সঙ্গে এই কয়েলের ওপর ধুলাবালি ও ময়লা জমে গেলে তাপ সহজে বের হতে পারে না। ফলে প্রয়োজনীয় তাপমাত্রা ধরে রাখতে কম্প্রেসরকে বেশি সময় ধরে চলতে হয়। এতে একদিকে যেমন বিদ্যুৎ খরচ বাড়ে, অন্যদিকে যন্ত্রের ওপরও অতিরিক্ত চাপ সৃষ্টি হয়।

কতদিন পরপর পরিষ্কার করবেন?

সাধারণভাবে ব্যবহৃত গৃহস্থালি ফ্রিজের কনডেনসার কয়েল প্রতি তিন থেকে ছয় মাস অন্তর পরিষ্কার করা ভালো। এতে ফ্রিজের কুলিং কার্যক্রম স্বাভাবিক থাকে এবং যন্ত্রের কর্মক্ষমতাও বজায় থাকে।

যাদের আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন

যেসব বাড়িতে পোষা প্রাণী রয়েছে অথবা ধুলাবালির পরিমাণ বেশি, সেখানে কয়েলে দ্রুত ময়লা জমতে পারে। এমন পরিবেশে দুই থেকে তিন মাস পরপর এই অংশ পরিষ্কার করলে ভালো ফল পাওয়া যায়।

পরিষ্কার করার আগে যা করবেন

কাজ শুরু করার আগে অবশ্যই ফ্রিজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করুন। এরপর ফ্রিজটিকে দেয়াল থেকে কিছুটা দূরে সরিয়ে এমনভাবে রাখুন, যাতে পিছনের অংশে সহজে পৌঁছানো যায়।

কীভাবে পরিষ্কার করবেন?

কনডেনসার কয়েলের ধুলা পরিষ্কার করতে নরম ব্রাশ, শুকনো কাপড় অথবা ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করা সবচেয়ে নিরাপদ। তবে পানি বা ভেজা কাপড় ব্যবহার করা থেকে বিরত থাকুন। এতে বৈদ্যুতিক যন্ত্রাংশের ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে।

দীর্ঘদিন পরিষ্কার না করলে কী হতে পারে?

কনডেনসার কয়েল দীর্ঘ সময় অপরিষ্কার থাকলে কয়েকটি সমস্যা দেখা দিতে পারে, যেমন:

  • ফ্রিজের কুলিং ক্ষমতা কমে যেতে পারে।
  • কম্প্রেসরের ওপর অতিরিক্ত চাপ পড়ে।
  • বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে পারে।
  • বিভিন্ন যন্ত্রাংশ দ্রুত নষ্ট হওয়ার ঝুঁকি বাড়ে।
  • ফ্রিজের আয়ু কমে যেতে পারে।

ফ্রিজের পেছনের কনডেনসার কয়েল পরিষ্কার রাখতে খুব বেশি সময় বা খরচ লাগে না। কিন্তু এই ছোট অভ্যাসটি ফ্রিজের কার্যক্ষমতা বজায় রাখতে, বিদ্যুৎ সাশ্রয় করতে এবং যন্ত্রটির আয়ু বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই নিয়মিত পরিষ্কারের তালিকায় ফ্রিজের ভেতরের পাশাপাশি পেছনের অংশটিও রাখুন।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G