আফগানিস্তানে সহিংসতায় নিহত ৫০

প্রকাশঃ মে ২৭, ২০১৭ সময়ঃ ৪:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৫ অপরাহ্ণ

ফাইল ছবি

আফগানিস্তানে রমজান মাসের প্রথম দিনে সহিংসতায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। খোস্ত প্রদেশে একটি সামরিক ঘাটির কাছে আত্মঘাতী বোমা হামলায় ১৪ জন নিহত হয়। এছাড়া জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর লড়াইয়ে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছে।

খোস্ত প্রদেশে সামরিক ঘাঁটির কাছে আত্মঘাতী হামলার পরে ১৪টি মৃতদেহ ও আটজন আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন প্রদেশের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা গুল মোহাম্মাদ্দিন মঙ্গল। তিনি বলেন, নিহতদের দেহ এত বেশি ছিন্নভিন্ন হয়ে গেছে যে দেখে বোঝার উপায় নেই যে তারা নিরাপত্তা বাহিনীর না বেসামরিক জনগণ। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেছেন দুই শিশুসহ ১৩ জন নিহত হয়েছে হামলায়।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ খোস্ত প্রদেশে হামলার দায় স্বীকার করে বলেছেন, আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল।

এদিকে আফগানিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বাদঘিসের কাদিস জেলায় জঙ্গিরা নিরাপত্তা বাহিনীকে আক্রমণ করলে তুমুল লড়াই শুরু হয়। সেই লড়াইয়ে ২২ জন জঙ্গি, ৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, ৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছেন প্রদেশের গভর্নরের মুখপাত্র জহির বাহারান্দ। এই লড়াইয়ে ৩৩ জন জঙ্গি ও ১৭ জন বেসামরিক আহত হয় বলে জানা গেছে।

এর আগে নানগারহর প্রদেশে শুক্রবার জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের নিয়ন্ত্রণে থাকা আচিন জেলার বাসিন্দারা বিদ্রোহ করলে লড়াইয়ে ১৫ জঙ্গি ও ৬ বেসামরিক ব্যক্তি নিহত হন।

পশ্চিমা শক্তিগুলোর সমর্থিত আফগানিস্তান সরকার একই সঙ্গে তালেবান ও ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে। রোজা শুরু হওয়ার এক সপ্তাহ আগে থেকেই হামলা বৃদ্ধি করেছে তালেবান। এ সময় কান্দাহার, পাকতিয়া, হেলমান্দ ও অন্যান্য প্রদেশে একাধারে হামলা চালিয়েছে তারা।  সূত্র: রয়টার্স।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G