ঈদের দিন থেকে টানা পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা
দেশজুড়ে চলমান তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকতে পারে। এর প্রভাবে বুধবার থেকে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনাও রয়েছে।
সোমবার প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, আগামী পাঁচদিন দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-একটি এলাকাতেও অস্থায়ী দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ভারী বর্ষণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। বুধবার থেকে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, কয়েকদিনের বৃষ্টিপাত গরমে অতিষ্ঠ মানুষের জন্য স্বস্তি বয়ে আনলেও বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার কারণে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
প্রতি / এডি / শাআ









