খালেদা বলবেন,তারেক বাবা আমি ধরা পড়ে গেলাম
নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম
লন্ডনে অবস্থানরত বড় ছেলে তারেক রহমানকে ফোন দিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কয়েক দিনের মধ্যেই বলবেন, ‘বাবা, আমিও ধরা পড়ে গেছি। আর পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করা যাবে না।’
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ও দফায় দফায় হরতালকে কেন্দ্র করে দেশব্যাপী চলা নাশকতার প্রতিবাদে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ মানববন্ধনের আয়োজন করে।
সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাবেক শিল্পমন্ত্রী দিলিপ বড়ুয়া, কৃষক লীগ নেতা এম এ করিম, ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ প্রমুখ।
ড. হাছান মাহমুদ বলেন, অনলাইন পত্রিকায় এসেছে আজ (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) গাজীপুরে ট্রেনে পেট্রোল বোমা মারতে গিয়ে মমিন নামে এক বিএনপিকর্মী হাতে-নাতে ধরা পড়েছে। জনগণ গণপিটুনি শুরু করলে সে তার বসকে ফোন দিয়ে বলেছে, ‘ওস্তাদ ধরা পড়ে গেছি আর পারা যাবেনা।’
তিনি বলেন, গণদাবির ভিত্তিতে কয়েকদিন পর খালেদা জিয়াকেও যখন গ্রেপ্তার করা হবে, তখন তিনি লন্ডনে অবস্থানরত তার বড় ছেলে তারেক রহমানকে ফোন দিয়ে বলবেন, ‘বাবা, আমিও ধরা পড়ে গেছি। আর পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করা যাবে না’।
তিনি বলেন, ভলকান যুদ্ধে যাত্রীবাহী বাসে আগুন দিয়ে মানুষ হত্যার দায়ে নেতৃত্বদানকারী রাজনৈতিক নেতাদের বিচার হেগের আদালতে হয়েছিলো। এখনো তারা সাজা ভোগ করছেন।
‘আজ যারা আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করছেন, তাদের বিচারও বাংলার মাটিতে হবে। তাদেরকেও কঠিন শাস্তি পেতে হবে।’
প্রতিক্ষণ/এডি/রাতুল






















