খুশকি দূর করতে
লাইফষ্টাইল ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
খুশকি যেন এক তীব্র যন্ত্রণার নাম। কিছুতেই আপনি এই সমস্যা থেকে মুক্ত হতে পরছেন না। তবে এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে দরকার বাড়তি যত্ন। তাহলেই কেবল দূর করা সম্ভব হবে খুশকি আর চুলও হবে ঝলমলে।
খুশকির পেছনে অনেকগুলো কারণ থাকে। মানসিক চাপ, দূষণ আর হরমোনের কারণেও অনেক সময় খুশকি দেখা যায়। অস্বাস্থ্যকর খাবারের অভ্যাসে অনেকসময় খুশকির সমস্যা আরো প্রকট হয়। তবে একটু যত্ন নিলে এই বিরক্তিকর খুশকি থেকে মাথার ত্বক সুস্থ রাখা যাবে। জেনে নিন তেমনই কিছু টিপস।
১. অলিভ অয়েল মাথার খুশকি দূর করার জন্য খুবই উপকারী। সপ্তাহে দুই দিন মাথার ত্বকে অলিভ অয়েল ম্যাসাজ করুন। তারপর ঘুমানোর আগে একটা তোয়ালে দিয়ে মাথার ত্বক কিছুক্ষণ পেঁচিয়ে রাখুন। এতে তেল শুষে যাবে ত্বকে। পরদিন শ্যাম্পু করে ফেলুন।
২. কিছু নিমপাতা নিয়ে সেটা ভালো করে ফোটান। এবার সেটা ডলে ডলে পেস্ট বানান। এরপর পেস্টটা চুলে লাগিয়ে ৪০ মিনিট মতো অপেক্ষা করুন। তারপর ধুয়ে ফেলুন। কয়েকদিনেই খুশকি থেকে রেহাই পাবেন।
৩. চুলে শ্যাম্পু করা আর কন্ডিশনার দেওয়াও হয়ে গেছে? এবার তাহলে পানির সাথে কয়েক ফোঁটা অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে নিন। ভিনেগার পটাশিয়ামে ভরা। সেটা মাথার ত্বকের মরাকোষগুলো দূর করবে। তবে কেমিক্যাল ভিনেগার ব্যবহার না করাই ভালো।
৪. মেথি ভিজিয়ে রাখুন সারারাত। সকালে সেটা বেটে নিন। তারপর সেটা চুলে লাগান। আধাঘণ্টা রেখে হালকা গরম পানিতে চুল ধুয়ে ফেলুন। প্রতিসপ্তাহে একদিন করে একমাস করলেই টের পাবেন কতটা কাজে আসছে।
৫. অ্যালোভেরার রসেও আছে অ্যান্টিব্যাকটোরিয়াল উপাদান। এটা অ্যান্টিফাংগালও। ফলে খুশকি দূর হয় সহজে। অ্যলোভেরার জেল বের করে সেটা চুলে লাগিয়ে রাখুন প্রায় ৪০ মিনিট। তারপর শ্যাম্পু করে ফেলুন। ভালো কাজে দেবে।
প্রতিক্ষণ/এডি/সোহান


















