চট্টগ্রাম নগরে স্মার্ট সড়কবাতি ও এআই ক্যামেরা স্থাপনের উদ্যোগ

প্রকাশঃ ডিসেম্বর ১, ২০২৫ সময়ঃ ৫:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নগরজুড়ে স্মার্ট সড়কবাতি ও কৃত্রিম বুদ্ধিমত্তা–সমৃদ্ধ সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে। ৪১ ওয়ার্ডকে নিরাপদ ও আধুনিক নগরে রূপান্তর করতে ‘ইমপ্লিমেন্টেশন অফ স্মার্ট লাইটিং (সোলার/নন-সোলার) উইথ এআই–বেইসড সিসিটিভি সার্ভেইল্যান্স সিস্টেম’ শীর্ষক একটি নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

এই প্রকল্পের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) প্রণয়নের জন্য চসিক চার সদস্যের একটি কমিটি গঠন করেছে। ১৯ নভেম্বর জারি হওয়া অফিস আদেশ অনুযায়ী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ তৈয়ব কমিটির সভাপতি এবং নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম ও সহকারী প্রকৌশলী মো. সরওয়ার আলম খান সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. শাফকাত বিন আমিন কমিটির সদস্য সচিব।

কমিটি আগামী ৩০ কর্মদিবসের মধ্যে মেয়রের কাছে প্রতিবেদন জমা দেবে। তাদের দায়িত্বের মধ্যে রয়েছে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, নীতিমালা প্রণয়নে সুপারিশ এবং ডিপিপির খসড়া প্রস্তুত।

চসিকের প্রধান প্রকৌশলী মো. আনিসুর রহমান সোহেল জানান, পূর্বে ভারতীয় এক্সিম ব্যাংকের অর্থায়নে একটি প্রকল্পের আলোচনা হলেও তা বাস্তবায়ন হয়নি। নতুন ডিপিপির আওতায় ৪১ ওয়ার্ডের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকার সড়কবাতি ও সিসিটিভি সংস্কার–বিস্তারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

চসিক সূত্র জানায়, শহরের সড়ক, মোড়, সেতু, জনবহুল ও ঝুঁকিপূর্ণ স্থানে সোলার ও নন-সোলার স্মার্ট লাইট বসানো হবে। পাশাপাশি এআই–ভিত্তিক আধুনিক নজরদারি ব্যবস্থা স্থাপন করলে অপরাধ নিয়ন্ত্রণ, যান চলাচল মনিটরিং ও দুর্ঘটনা ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য উন্নতি ঘটবে।

কমিটির সদস্য সচিব শাফকাত বিন আমিন বলেন, “রাস্তাগুলোর তালিকা প্রস্তুত করছি, প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। প্রথমে সব ওয়ার্ডের প্রধান সড়ক, পরে লেন-বাইলেন অন্তর্ভুক্ত করা হবে।”

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “পরিবেশবান্ধব ও নিরাপদ নগর গড়াই আমার অঙ্গীকার। এআই-ভিত্তিক সিসিটিভি স্থাপন হলে নগরের নিরাপত্তা ব্যবস্থায় আধুনিকতা আসবে; আর সোলার সড়কবাতি বিদ্যুৎ সাশ্রয়সহ পরিবেশ দূষণ কমাতে সাহায্য করবে।”

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G