নতুন আইনে কানাডার নাগরিকত্ব পাওয়া হবে আরও সহজ

প্রকাশঃ এপ্রিল ১৬, ২০২৬ সময়ঃ ৮:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫২ অপরাহ্ণ

কানাডার নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া আগের তুলনায় আরও সহজ হয়েছে বলে জানা গেছে। নতুন আইনের ফলে এখন কানাডার বাইরে জন্মগ্রহণ করলেও নির্দিষ্ট শর্ত পূরণ করলে দেশটির নাগরিক হওয়া সম্ভব হবে। বিষয়টি নিয়ে খবর প্রকাশ করেছে ইন্ডিপেনডেন্ট।

সম্প্রতি কানাডায় কার্যকর হওয়া নতুন আইনে বলা হয়েছে, ১৫ ডিসেম্বর ২০২৫-এর আগে কানাডার বাইরে জন্ম নেওয়া কোনো ব্যক্তি যদি নিজেকে কানাডীয় বংশোদ্ভূত হিসেবে প্রমাণ করতে পারেন, তাহলে তিনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। আগে এই সুযোগ সীমিত ছিল শুধুমাত্র প্রথম প্রজন্মের সন্তানদের জন্য। অর্থাৎ বাবা বা মা যদি কানাডার নাগরিক না হন, তাহলে নাগরিকত্বের জন্য আবেদন করা যেত না।

নতুন আইন কার্যকর হওয়ার পর যুক্তরাষ্ট্রে বসবাসরত কানাডীয় বংশোদ্ভূতদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কুইবেকের ন্যাশনাল লাইব্রেরি অ্যান্ড আর্কাইভসের এক কর্মকর্তা জানান, হঠাৎ করেই অনেক মানুষ নাগরিকত্ব সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছে। বর্তমানে কানাডার নাগরিকত্ব সনদ পেতে গড়ে প্রায় ১০ মাস সময় লাগছে।

বিশ্লেষকদের মতে, কানাডার নাগরিকত্বের চাহিদা বৃদ্ধির পেছনে প্রধানত দুটি কারণ রয়েছে। একদিকে অনেকেই তাদের পারিবারিক শিকড়ের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন করতে চাইছেন, অন্যদিকে ২০২৪ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর রাজনৈতিক পরিবেশের পরিবর্তনও একটি বড় কারণ হিসেবে কাজ করছে।

অটোয়া-ভিত্তিক অভিবাসন পরামর্শক ক্যাসান্দ্রা ফল্টজ জানান, ২০২৪ সালের নভেম্বরের পর থেকে কানাডায় যাওয়ার আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা তার ১৭ বছরের অভিজ্ঞতায় নজিরবিহীন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিটি নির্বাচনের পর সাধারণত আগ্রহ কিছুটা বাড়ে, তবে এবার সেই প্রবণতা দীর্ঘস্থায়ী হয়েছে।

যুক্তরাষ্ট্রে কানাডীয় বংশোদ্ভূত মানুষের সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি। ধারণা করা হয়, যাদের বাবা-মায়ের মাধ্যমে কানাডার নাগরিকত্ব রয়েছে, তাদের প্রায় এক-তৃতীয়াংশই যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে প্রায় ৩৪ হাজার ৭০০ মার্কিন নাগরিক কানাডায় স্থায়ী বসবাসের অনুমতি পেয়েছেন। পরবর্তী ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৩০০-তে। চলতি বছর এখন পর্যন্ত প্রায় ৮ হাজার মার্কিন নাগরিক কানাডায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন।

আইন পরিবর্তনের পর এখন আরও বেশি মার্কিন নাগরিক নিজেদের কানাডীয় বংশোদ্ভূত হিসেবে প্রমাণের চেষ্টা করছেন। কুইবেকের আর্কাইভস সূত্রে জানা গেছে, ২০২৫ সালের জানুয়ারিতে যেখানে গুরুত্বপূর্ণ নথির জন্য ৩২টি আবেদন জমা পড়েছিল, ২০২৬ সালের জানুয়ারিতে সেই সংখ্যা বেড়ে এক হাজারেরও বেশি হয়েছে। এসব আবেদনকারীর বেশিরভাগই যুক্তরাষ্ট্রের নাগরিক।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G