ফিনল্যান্ড নাগরিকত্বে নতুন নিয়ম, থাকছে যেসব শর্ত

প্রকাশঃ এপ্রিল ১৯, ২০২৬ সময়ঃ ১০:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৫ অপরাহ্ণ

ইউরোপের দেশ ফিনল্যান্ডে নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়ায় নতুন করে কড়াকড়ি আনার উদ্যোগ নিয়েছে সরকার। একটি নতুন প্রস্তাব অনুযায়ী, এখন থেকে নাগরিকত্ব পেতে আবেদনকারীদের একটি নির্দিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, যেখানে দেশটির সমাজ, রাষ্ট্রব্যবস্থা এবং মৌলিক নীতিমালা সম্পর্কে জ্ঞান যাচাই করা হবে।

প্রস্তাবিত নিয়মে বলা হয়েছে, এই পরীক্ষা দিতে হবে ফিনিশ বা সুইডিশ—ফিনল্যান্ডের যেকোনো একটি সরকারি ভাষায়। এতে বোঝা হবে আবেদনকারী দেশটির সামাজিক কাঠামো, আইন ও নীতিগত বিষয়গুলো কতটা বুঝতে সক্ষম।

ফিনল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নাগরিকত্ব পরীক্ষার মাধ্যমে মৌলিক আইন, মানবাধিকার, সমতা, লিঙ্গ সমতা, ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে ধারণা যাচাই করা হবে।

তবে শুধু পরীক্ষাই একমাত্র পথ নয়। বিকল্প হিসেবে কেউ ফিনিশ বা সুইডিশ ভাষায় মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক স্তরের সমমানের পরীক্ষা পাস করলেও ‘সিভিক নলেজ’ হিসেবে বিবেচিত হতে পারে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জনও গ্রহণযোগ্য প্রমাণ হিসেবে ধরা হবে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মেরি রানতানেন জানিয়েছেন, নাগরিকত্ব শুধু একটি প্রশাসনিক প্রক্রিয়া নয়। তার মতে, সমাজে অন্তর্ভুক্তি, কাজের অংশগ্রহণ এবং দেশের নিয়ম-কানুন মেনে চলার বিষয়গুলো নিশ্চিত করতেই এই পরিবর্তন আনা হচ্ছে।

২০২৩ সাল থেকে বর্তমান সরকারের অধীনে ফিনল্যান্ডের অভিবাসন নীতিতে ধারাবাহিকভাবে কঠোরতা বাড়ানো হচ্ছে। নতুন এই নাগরিকত্ব পরীক্ষা সেই নীতিরই অংশ বলে মনে করা হচ্ছে।

এছাড়া সরকারের নতুন প্রস্তাবে বলা হয়েছে, যেসব ব্যক্তি জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবে বিবেচিত হতে পারেন, তাদের ক্ষেত্রে আগেই প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা যেতে পারে। একই সঙ্গে বহিষ্কারের প্রক্রিয়া আরও দ্রুত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

ইউরোপের অন্যান্য দেশগুলোর মতো ফিনল্যান্ডও এখন অভিবাসন নীতিতে পরিবর্তন আনছে। এর আগে সুইডেনও নাগরিকত্বের জন্য অনুরূপ পরীক্ষা চালুর প্রস্তাব দেয়। সব মিলিয়ে ফিনল্যান্ডের এই পদক্ষেপ নাগরিকত্ব প্রক্রিয়াকে আরও শর্তসাপেক্ষ ও কঠোর করার ইঙ্গিত দিচ্ছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G