রাতে ভাত খাওয়া কি স্বাস্থ্যের জন্য ভালো, নাকি ক্ষতিকর? জানালেন পুষ্টিবিদ
‘মাছে-ভাতে বাঙালি’ কথাটি শুধু একটি প্রবাদ নয়, বরং বাঙালির খাদ্যাভ্যাসেরই প্রতিচ্ছবি। পৃথিবীর যেখানেই থাকুক, অধিকাংশ বাঙালির প্রতিদিনের খাবারের তালিকায় ভাত থাকে। অনেকের আবার রাতের খাবারে ভাত না হলে তৃপ্তিই আসে না।
তবে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের দাবি ছড়িয়ে পড়েছে। কেউ বলছেন, রাতে ভাত খেলে ওজন বাড়ে, আবার কেউ মনে করেন এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ কারণে অনেকের মধ্যেই প্রশ্ন তৈরি হয়েছে, রাতে ভাত খাওয়া আসলে ঠিক কি না।
ভারতের কলকাতার পুষ্টিবিদ মীনাক্ষী মজুমদার এ বিষয়ে জানিয়েছেন, সঠিক পরিমাণে ভাত খেলে রাতে তা এড়িয়ে চলার প্রয়োজন নেই। বরং এটি সহজপাচ্য হওয়ায় অনেকের জন্য উপকারীও হতে পারে।
ভাতে কী কী পুষ্টিগুণ রয়েছে?
ভাত শরীরের জন্য গুরুত্বপূর্ণ কার্বোহাইড্রেটের উৎস। সারাদিনের কাজের পর শরীরের শক্তির ঘাটতি পূরণে এটি কার্যকর ভূমিকা রাখে। এছাড়া ভাতে আয়রন, ভিটামিন বি-৬, ম্যাগনেশিয়াম, পটাশিয়ামসহ বিভিন্ন প্রয়োজনীয় খনিজ ও ভিটামিন থাকে, যা দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণে সহায়তা করে।
রাতে ভাত খেলে সমস্যা হয়?
পুষ্টিবিদের মতে, রাতে পরিমিত পরিমাণে ভাত খাওয়ায় কোনো সমস্যা নেই। ভাত সহজে হজম হয় বলে অনেকের ক্ষেত্রে পেটের অস্বস্তির ঝুঁকি কম থাকে। পাশাপাশি কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাবার হওয়ায় এটি ভালো ঘুমেও সহায়ক হতে পারে। তাই রাতের খাবারে পরিমাণ নিয়ন্ত্রণ করে ভাত খাওয়া যেতে পারে।
কতটা ভাত খাওয়া উপযুক্ত?
ভাতের পরিমাণ নির্ভর করে বয়স, উচ্চতা, ওজন, শারীরিক পরিশ্রম এবং স্বাস্থ্যগত অবস্থার ওপর। সাধারণভাবে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তি দিনে প্রায় ১৫০ গ্রাম চালের ভাত দুই বেলায় ভাগ করে খেতে পারেন। তবে সবার প্রয়োজন এক নয়। তাই ব্যক্তিগত খাদ্যতালিকা নির্ধারণে ক্লিনিক্যাল নিউট্রিশনিস্টের পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো।
ডায়াবেটিস থাকলে কি ভাত খাওয়া যাবে?
ডায়াবেটিসে আক্রান্ত অনেকেই ভাত খেতে ভয় পান, বিশেষ করে রাতে। তবে বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস থাকলেও সম্পূর্ণভাবে ভাত বাদ দেওয়ার প্রয়োজন নেই। গুরুত্বপূর্ণ বিষয় হলো, কতটুকু ভাত খাওয়া হচ্ছে এবং সামগ্রিক খাদ্যতালিকা কেমন। চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী পরিমাণ নির্ধারণ করলে ভাত খাওয়া সম্ভব।
রাতে ভাত খাওয়া নিজে থেকে ক্ষতিকর নয়। বরং সুষম খাদ্যাভ্যাস, পরিমিত পরিমাণ এবং ব্যক্তির শারীরিক অবস্থা অনুযায়ী ভাত খেলে তা স্বাস্থ্যকর খাদ্যতালিকার অংশ হতে পারে। বিশেষ করে ডায়াবেটিস, স্থূলতা বা অন্য কোনো দীর্ঘমেয়াদি রোগ থাকলে খাদ্যাভ্যাস নির্ধারণে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ।
প্রতি / এডি / শাআ









