প্রধানমন্ত্রীকে খালেদার ধন্যবাদ
নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডটকম:
ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে শোক প্রকাশ ও সমবেদনা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যালয়ে আসায় তাকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল খালেদা জিয়ার কার্যালয়ে অপেক্ষমান সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শে তাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। ঘুম ভাঙার পর খালেদা জিয়া যখন জানতে পারলেন সমবেদনা জানাতে প্রধানমন্ত্রী এসেছিলেন, তখন তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
প্রেস সচিব আরো বলেন, খালেদা জিয়া তাদের বলেছেন, এরপর যখনই প্রধানমন্ত্রী আসতে চাইবেন তখনই তাকে স্বাগত জানানো হবে।
মারুফ কামাল বলেন, ‘আপনারা জানেন প্রধানমন্ত্রীর স্বামী ওয়াজেদ মিয়ার মৃত্যুতে খালেদা জিয়া সমবেদনা জানাতে ছুটে গিয়েছিলেন। এটা কোনো রাজেনৈতিক বিষয় নয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয়নি, তাই এখানে প্রস্তুতি ছিল না। জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ছিলেন না। প্রধানমন্ত্রী অচমকা এসেছেন। তবে প্রধানমন্ত্রীকে অসৌজন্য দেখানো হয়নি।
প্রতিক্ষণ/এডি/সুজন


















