রিয়াজের ওপর হামলা খালেদার নীলনকশাঃ হানিফ

প্রকাশঃ জানুয়ারি ১৪, ২০১৫ সময়ঃ ১:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৮ অপরাহ্ণ

hanif বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলা দলটির প্রধান বেগম খালেদা জিয়ারই নীলনকশার অংশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

বুধবার সকালে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডি রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

হানিফ বলেন, ‘গতকাল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর হামলা খালেদা জিয়ার নীলনকশারই একটি অংশ। আমি দেশবাসীসহ বিএনপি নেতাদের জানাতে চাই, খালেদা জিয়া ক্ষমতায় যাওয়ার জন্য কালনাগিনী হয়ে উঠেছেন। তিনি যেকোনো সময় যে কাউকেই ছোবল মারতে পারেন।’

তিনি বলেন, ‘মা-ছেলে (খালেদা-তারেক) দেশকে বিচ্ছিন্ন করে দিতে অবরোধ দিয়েছিলেন। কিন্তু সেটি ব্যর্থ হয়ে যাওয়া খালেদা জিয়া ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়ন শুরু করেছেন। আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা করেও কিছু না করতে পারায় এখন নিজ দলের নেতাদের ওপর হামলা চালাচ্ছেন। রিয়াজ রহমানের ওপর হামলা তারই একটি অংশ। তার এ নীলনকশা থেকে নিজ দলের নেতাকর্মীরাও রক্ষা পাচ্ছেন না।’

তিনি আরো বলেন, ‘৫ জানুয়ারি নির্বাচনে না গিয়ে খালেদা জিয়া জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। তিনি আরো বেশি বিচলিত হয়ে গেছেন শেখ হাসিনার উন্নয়নের ধারা দেখে। এ উন্নয়নের ধারা আরো চার-পাঁচ বছর চললে দেশের মানুষ বিএনপি নামক দলকে ভুলে যাবে। তাই খালেদা জিয়া দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠছেন।’

হানিফ বলেন, ‘খালেদা জিয়াকে অনুরোধ করবো হত্যা ষড়যন্ত্রের এ নীলনকশা বন্ধ করুন। তা না হলে জাতি আপনাকে কোনো দিনই ক্ষমা করবে না।’

সমাবেশের অনুমতি দিলে অবরোধ প্রত্যাহার করা হবে বিএনপি নেতাদের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে হানিফ বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের সমাবেশের অনুমতি দেবে কি দেবে না, সেটা তাদের বিষয়।’

বিএনপির সঙ্গে আলোচনা প্রসঙ্গে এইচ টি ইমামের এই বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে হানিফ বলেন, “এইচ টি ইমাম কোনো রাজনৈতিক নেতা না, আওয়ামী লীগের কেউ না। সুতরাং তার বিষয়ে কোনো কথা নেই।”

বিএনপির সঙ্গে সংলাপের কোনো সম্ভাবনা নেই জানিয়ে হানিফ বলেন, “কার সঙ্গে সংলাপ, কিসের সংলাপ, কী বিষয় নিয়ে বসবো?”

সংবাদ সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফরিদুন নাহার লাইলি, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সদস্য এসএম কামাল, সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/কবির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G