স্বামী-স্ত্রী দুই জনেই ব্রাজিলের সমর্থক
ক্রীড়া ডেস্ক
২০ নভম্বর দ্য গ্রেটেস্ট শো অন আর্থ-খ্যাত ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে। মরুভূমির দেশ কাতারে গরমের উত্তাপে ভাসছে সারা পৃথিবী, সঙ্গে বাংলাদেশ থাকবে না এটা কি হয়! নিজেরা না খেললেও সমর্থকদের তালিকায় বাংলাদেশ সব সময়ই সেরাদের তালিকায় থাকে।
নিজের পছন্দের দলের পতাকা আর জার্সির রঙে সাজতে শুরু করেছে পুরো দেশ। সঙ্গে কথার তর্ক তো আছেই। বিশ্বকাপ জ্বর উপভোগে কম যান না সিনেপর্দার তারকারাও। দুই দিন আগেই তো নায়িকা অপু বিশ্বাস ঘোষণা দিলেন, তিনি খেলা বুঝেই ব্রাজিলের সমর্থন করেন। স্ত্রীর ঘোষণার পর জানা গেল স্বামী শাকিব খানও ব্রাজিলের সমর্থক!
ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খানও ফুটবলপ্রেমী। তবে তিনি আসলে কোন দলের সাপোর্টার? আর্জেন্টিনা না কি ব্রাজিল! সেটা নিয়ে দ্বিধার সৃষ্টি হয়েছে? এই কারণ শাকিব খান নিজেই। ২০১৮ সালে দেশীয় একটি গণমাধ্যমে শাকিব বলেছেন তিনি আর্জেন্টিনার সমর্থক। সেখানে শাকিবের বক্তব্য ছিল এমন, ‘একসময় নিয়ম করে প্রতিদিন ফুটবল খেলতাম। এখান আর সেই সুযোগ হয় না। মাঠে খেলার সময় নিজেকে ম্যারাডোনা মনে করতাম। তার মতো ফুটবল খেলার চেষ্টা করতাম। তখন থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক।’
অন্যদিকে, ২০১৪ সালে দেশের একটি শীর্ষ ইংরেজি দৈনিকের ফটোশুটে অংশ নিয়ে শাকিব বলেছিলেন তিনি ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক। বলছিলেন, ‘নেইমারের খেলা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে।’
এ ছাড়া ২০২১ সালে আর্জেন্টিনা কোপা আমেরিকা জয়ের পর শাকিব তাঁর ফেসবুক পেজে লিখেছিলেন, ‘একটি দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন, যা অর্জন করা ভীষণ প্রয়োজন ছিল। অভিনন্দন আর্জেন্টিনা এবং লিওনেল মেসি; অনেক দিন পর একটি আন্তর্জাতিক গৌরব অর্জন করায়।’


















