২০২৩ সালের মধ্যভাগে আমেরিকাতে ‘মেজর ক্রিকেট লীগ’

প্রকাশঃ নভেম্বর ১৭, ২০২২ সময়ঃ ৩:২৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৫ পূর্বাহ্ণ

ক্রীড়া ডেস্ক

আগামী টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ়ের সঙ্গে যৌথ আয়োজক আমেরিকা। ২০২৪ সালে বিশ্বকাপের আসর বসার আগে ২০২৩ সালেই ২০ ওভারের ক্রিকেট জ্বরে আক্রান্ত হবেন আমেরিকার ক্রিকেটপ্রেমীরা। আগামী বছর জুলাইয়ে ডালাসে আয়োজিত হবে মেজর লিগ ক্রিকেট। উল্লেখ্য, কলকাতা নাইট রাইডার্সের তরফে জানানো হয়েছে, এই প্রতিযোগিতার সঙ্গে তারাও জড়িত থাকবে।

প্রতিযোগিতার ডিরেক্টর জাস্টিন গেইল বলেছেন, ‘‘আগামী ক্রিকেট বিশ্বের চোখ থাকবে আমাদের দিকে। মেজর লিগ ক্রিকেট শুরু হবে। তিন সপ্তাহের এই টি-টোয়েন্টি প্রতিযোগিতায় বিশ্বের সেরা ক্রিকেটাররা খেলবে।’’ তিনি আরও বলেছেন, ‘‘আমাদের আশা মেজর লিগ ক্রিকেট আমেরিকার ক্রিকেটে বড় পরিবর্তন আনবে। বিশ্বের সেরা খেলোয়াড়দের দক্ষতা প্রদর্শনের অন্যতম সেরা মঞ্চ হবে এই প্রতিযোগিতা। আশা করব, এই প্রতিযোগিতা আমেরিকার তরুণদের ক্রিকেটের ব্যাপারে আরও আগ্রহী করবে। ভবিষ্যতে আমেরিকার ক্রিকেটারদেরও এই প্রতিযোগিতায় খেলতে দেখা যাবে।’’ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ এবং ইংল্যান্ডের দ্য হান্ড্রেডের সূচির কথা মাথায় রেখে এই প্রতিযোগিতার দিন ঠিক করেছেন আয়োজকরা। কারণ স্থানীয়দের আগ্রহকে গুরুত্ব দিয়ে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটারদের বেশি করে চাইছেন সংগঠকরা।

পরিকল্পনা হচ্ছিল কয়েক বছর ধরেই। নানা কারণে বাস্তবায়িত করা যাচ্ছিল না। অবশেষে ঘোষণা হল মেজর লিগ ক্রিকেটের। ২০২৩ সালের ১৩ থেকে ৩০ জুলাই পর্যন্ত আমেরিকার টেক্সাসের ডালাসে আয়োজিত হবে এই প্রতিযোগিতা। মেজর লিগ ক্রিকেটের জন্য নতুন করে তৈরি করা হচ্ছে গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম। ৭২০০ দর্শকাসনের এই স্টেডিয়াম সংস্কারের কাজ চলছে। দর্শক আসন সংখ্যা বাড়িয়ে ১৫ হাজার করার পরিকল্পনা করেছে আমেরিকার ক্রিকেট প্রশাসকদের। এখানেই হতে পারে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের কয়েকটি ম্যাচ। পিচ তৈরির জন্য নিয়ে যাওয়া হয়েছে অস্ট্র্রেলিয়ার ডেভ অ্যাগনিউকে। টি-টোয়েন্টি ক্রিকেটের উপযুক্ত চারটি পিচ তৈরি করছেন তিনি।

এখন এই স্টেডিয়াম ব্যবহার করা হয় মূলত বেসবলের জন্য। সাধারণত ছোট বা কম গুরুত্বপূর্ণ ম্যাচ হয় এই স্টেডিয়ামে। আশা করা হচ্ছে আগামী ফেব্রুয়ারি-মার্চের মধ্যে শেষ হয়ে যাবে স্টেডিয়াম সংস্কারের কাজ। গত ফেব্রুয়ারির মধ্যে এই স্টেডিয়াম সংস্কার করে ক্রিকেটের জন্য প্রস্তুত করার পরিকল্পনা ছিল। ২০২০ সালের নভেম্বর মাসে কাজও শুরু হয়। কিন্তু আমেরিকার ক্রিকেট সংস্থার বিভিন্ন সমস্যার জন্য কাজ থমকে যায় মাঝ পথে। গত জুলাই মাস থেকে আবার শুরু হয়েছে কাজ। সব ঠিক মতো এগোলে ২০২২ সালের জুলাই মাসে শুরু হওয়ার কথা ছিল মেজর লিগ ক্রিকেটের। কিন্ত তা এক বছর পিছিয়ে শুরু হচ্ছে।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G