বার্বিকিউ খাবার চাই, তাই আর্জেন্টিনা দল ছাত্রাবাসে

প্রকাশঃ নভেম্বর ১৮, ২০২২ সময়ঃ ১২:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪১ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক

মেসি বাহিনী এখন কাতারে পৌঁছে গিয়েছেন। তবে বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর এই দল কিন্তু ৫ তারকা বিলাসবহুল হোটেলে থাকবেন না। গতকাল বৃহস্পতিবার সকালে কাতারে পৌঁছে আর্জেন্টিনার দলটি উঠেছেন ছাত্রাবাসে। বিফ বার্বিকিউ খাওয়ার জন্যই দলের সদস্যরা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। ৩১টি দলের অন্য ফুটবলাররা যখন কাতারের সেরা হোটেলগুলিতে থাকছেন, মেসিরা তখন অন্য মেরুতে।

হোটেলের থেকেও ভাল খাবার এই ছাত্রাবাসগুলিতে পাওয়া যায় বলে জানতে পেরেছেন মেসিরা। আর্জেন্টিনার স্থানীয় খাবারগুলির মধ্যে অন্যতম হচ্ছে বিফ বার্বিকিউ। ছাত্রাবাসে সেগুলির স্বাদ অনেক ভাল হবে বলেই সেখানে থাকার সিদ্ধান্ত নিয়েছেন মেসিরা। বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রাবাসে মেসিরা রয়েছেন, সেটার মাঠে বার্বিকিউ বানানোর জন্য একটি নির্দিষ্ট স্থান তৈরি করা হয়েছে। মেসি এবং আর্জেন্টিনা দলের সকলে যাতে সেই খাবার উপভোগ করতে পারেন সেটার ব্যবস্থা করা হয়েছে। সেই সব বার্বিকিউ বানানো হবে আর্জেন্টিনার রন্ধনপ্রণালীতে। প্রচুর মাংসের সঙ্গে থাকবে সব্জি এবং ওয়াইন। যদিও মেসিদের খাওয়ার পরিমাণ বেঁধে দেওয়া থাকবে।

দক্ষিণ আমেরিকার বিফ অন্যতম সুস্বাদু। সেখান থেকে বিফ নিয়ে আসা হয়েছে মেসিদের জন্য। আর্জেন্টিনা এ বারের বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার বলে মনে করা হচ্ছে। তারা দেশ থেকে রাঁধুনিও নিয়ে এসেছে। অনেক দেখেশুনে তবেই ওই ছাত্রাবাস বেছে নিয়েছেন মেসিরা। সেই ছাত্রাবাসে ভাল অনুশীলনের জায়গাও রয়েছে। সেই সঙ্গে খোলা আকাশের নীচে রান্নার ব্যবস্থাও।

আর্জেন্টিনার ফুটবল কর্তারা চাইছেন মেসিদের ঘরের পরিবেশ দিতে। অন্তত খাবারের দিক থেকে সেটা সম্ভব করার চেষ্টা করছেন তাঁরা। আর্জেন্টিনার প্রথম ম্যাচ সৌদি আরবের বিরুদ্ধে। ২২ নভেম্বর ভারতীয় সময় দুপুর ৩.৩০ মিনিটে খেলতে নামবেন মেসিরা।

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G