কাতার বিশ্বকাপ ফাইনাল আজ রাত ৯টায়

প্রকাশঃ ডিসেম্বর ১৮, ২০২২ সময়ঃ ২:১৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৮ পূর্বাহ্ণ

রোববার ১৮ ডিসেম্বর ২০২২, আজ বহু প্রত্যাশার কাতার বিশ্বকাপ ফাইনাল। বাংলাদেশ সময় রাত ৯টায় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে লুসাইল আইকনিক স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। ম্যাচটি সরাসরি দেখা যাবে বিটিভি, গাজী টিভি, টি-স্পোর্টস ও টফিতে।

শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিশ্বকাপ খেলতে নেমে শুরুতেই বড় হোঁচট। সৌদি আরবের বিপক্ষে অঘটনের হারের পর গ্রুপপর্বেই বিদায়ের শঙ্কা জেঁকে বসেছিল। সেখান থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে একের পর এক বাঁচা-মরার লড়াই পেরিয়ে এখন সোনালি ট্রফিটা থেকে নিঃশ্বাস দূরত্বে আর্জেন্টিনা। অন্যদিকে, ইতালি ও ব্রাজিলের পর টানা শিরোপা জয়ের হাতছানি ফ্রান্সের সামনে।

৩৬ বছরের শিরোপার আক্ষেপ ঘোচাতে কাতারে এসে প্রথমেই ধাক্কা। প্রথম ম্যাচেই সৌদি আরবের বিপক্ষে ১-২ ব্যবধানে হেরে যাওয়ার পর আর্জেন্টিনা ফাইনালে টিকিট কাটতে পারবে তা খুব বেশি লোক কল্পনাও করতে পারেনি। এ হারে আলবিসেলেস্তেদের জন্য প্রতিটি ম্যাচ হয়ে ওঠে নকআউট। যেখানে টানা পাঁচ জয়ে এখন ফাইনালের মঞ্চে লিওনেল স্ক্যালোনির দল।

সবশেষ মঙ্গলবার ১৩ ডিসেম্বর প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে উড়িয়ে প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। ফিনিক্স পাখির মতো আর্জেন্টিনার এ জেগে উঠতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টিনার জয় পাওয়া পাঁচ ম্যাচের চারটিতেই ম্যাচসেরা হয়েছেন তিনি। কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে আছেন সর্বোচ্চ গোলদাতার তালিকায়। গোল ছাড়াও আছে ৩টি অ্যাসিস্ট।

অন্যদিকে, ইনজুরিতে জর্জরিত ফ্রান্সের শিরোপা ধরে রাখা নিয়েও সন্দেহ ছিল কারও কারও। তবে দুর্দান্ত খেলে টানা শিরোপা জয়ের দ্বারপ্রান্তে তারা। সবশেষ ম্যাচে মরক্কোকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে তারা।

বিশ্বকাপে এখন পর্যন্ত ফ্রান্স ও আর্জেন্টিনার দেখা হয়েছে মোট তিন বার। এর মধ্যে আর্জেন্টিনার দুই জয়ের বিপরীতে ফরাসিরা জিতেছে একবার। সেটাও গত রাশিয়া বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ওই ম্যাচে ৩-৪ গোলে হেরেছিল আর্জেন্টিনা।

বিশ্বকাপে দুদলের প্রথম দেখা হয় ১৯৩০ সালে বিশ্ব ফুটবলের প্রথম আসরে। আর দ্বিতীয় দেখা ১৯৭৮ সালের বিশ্বকাপে। দুই আসরেই আলবিসেলেস্তেদের বিপক্ষে ধরাশায়ী হয়েছিল ফরাসিরা। সব মিলিয়ে দুদলের ১২ দেখায় আর্জেন্টিনা জিতেছে ৬ ম্যাচ। আর ফ্রান্স জিতেছে ৩ ম্যাচ। বাকি ৩ ম্যাচ ড্রয়ের খাতায় যোগ হয়েছে।

সূত্র : ফিফা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G