পৃথিবীর সবচেয়ে বড় ফুলবাজার কোথায়? জানুন বিস্তারিত

প্রকাশঃ মে ৯, ২০২৬ সময়ঃ ৯:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪০ অপরাহ্ণ

ভোর ছয়টা। ইউরোপের বেশিরভাগ শহর যখন ঘুমে আচ্ছন্ন, তখন নেদারল্যান্ডসের আমস্টারডাম বিমানবন্দরের কাছের ছোট জনপদ আলসমেয়ারে শুরু হয় এক ব্যতিক্রমী কর্মচাঞ্চল্য। বাইরে থেকে একে সাধারণ শিল্পাঞ্চল মনে হলেও ভেতরে চলছে বিশ্বের সবচেয়ে বড় ফুলবাণিজ্যের বিশাল এক প্রক্রিয়া।

এই স্থানটিই হলো আলসমেয়ার ফ্লাওয়ার অকশন, যা এখন পরিচিত রয়্যাল ফ্লোরাহল্যান্ড নামে। আয়তন, লেনদেন আর কার্যক্রমের দিক থেকে এটি বিশ্বের সবচেয়ে বড় ফুল নিলাম কেন্দ্র। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে এটি দীর্ঘদিন ধরে বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক ভবন হিসেবেও স্বীকৃত।

প্রায় ৫ লাখ বর্গমিটারের বেশি জায়গাজুড়ে বিস্তৃত এই স্থাপনাটির ভেতরে এত বড় পরিসর রয়েছে যে, একটি ছোট দেশ অনায়াসেই এর ভেতরে জায়গা পেয়ে যাবে। কিন্তু এর আসল বিস্ময় শুধু আকারে নয়, বরং প্রতিদিনের নিখুঁতভাবে চলা কোটি কোটি ফুলের লেনদেনে।

এই প্রতিষ্ঠানটির ইতিহাস এক শতাব্দীরও বেশি পুরোনো। ১৯১১ সালে কয়েকজন স্থানীয় ফুলচাষি নিজেদের মধ্যে নিলামের একটি পদ্ধতি শুরু করেন, যাতে তারা মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরশীল না থাকেন। সেই ছোট উদ্যোগ ধীরে ধীরে বড় হতে হতে একসময় আধুনিক সমবায় কাঠামোতে রূপ নেয় এবং ২০০৮ সালে একীভূত হয়ে বর্তমান রয়্যাল ফ্লোরাহল্যান্ড গঠিত হয়। আজ এটি প্রায় তিন হাজার চাষির যৌথ মালিকানায় পরিচালিত একটি বিশাল সমবায় প্রতিষ্ঠান।

প্রতিদিন এখানে প্রায় দুই কোটি ফুল ও চারাগাছ বেচাকেনা হয়, যা বছরে দাঁড়ায় কয়েক বিলিয়ন ইউনিটে। এই সংখ্যা এত বড় যে, পৃথিবীর প্রতিটি মানুষের জন্য একাধিক ফুলের যোগান দেওয়ার সক্ষমতা রাখে এই একক বাজার।

ভেতরের কার্যক্রম পরিচালনার জন্য পুরো ভবনে রয়েছে দীর্ঘ স্বয়ংক্রিয় ট্র্যাক ব্যবস্থা, যা দিয়ে ট্রলিগুলো দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যায়। এই বিশেষ ট্রলিগুলোকে ড্যানিশ ট্রলি বলা হয়। হাজার হাজার ট্রলি সারাক্ষণ চলাচল করে, আর কর্মীরা দ্রুত চলাফেরার জন্য সাইকেল বা ছোট বৈদ্যুতিক যান ব্যবহার করেন, যেন এটি একটি জীবন্ত শহর।

অনেকে ভাবতে পারেন এত ফুলের ভেতর নিশ্চয়ই প্রচণ্ড ঘ্রাণ থাকবে, কিন্তু বাস্তবে তা পাওয়া যায় না। কারণ এখানে ফুল আনা হয় কুঁড়ি অবস্থায়, যাতে সেগুলো ক্রেতার কাছে পৌঁছানোর পর দীর্ঘ সময় সতেজ থাকে। ঘ্রাণের চেয়ে স্থায়িত্বকেই এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়।

এই বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এর নিলাম পদ্ধতি, যাকে বিশ্বজুড়ে ডাচ অকশন বলা হয়। এখানে দাম শুরু হয় উঁচু থেকে এবং ধীরে ধীরে কমতে থাকে। ক্রেতারা ডিজিটাল ঘড়ির দিকে তাকিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই সিদ্ধান্ত নেন কখন কিনবেন। যে আগে সিদ্ধান্ত নেয়, সে-ই পণ্যটি পেয়ে যায়। এই পদ্ধতিতে বিশাল পরিমাণ ফুল খুব অল্প সময়ে বিক্রি হয়ে যায়।

আগে এই নিলাম সরাসরি কক্ষে বসে পরিচালিত হলেও এখন পুরো প্রক্রিয়া ডিজিটাল। বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ক্রেতারা অনলাইনে অংশ নিতে পারেন।

আলসমেয়ারের অবস্থান এবং শক্তিশালী পরিবহন ব্যবস্থাও এর সাফল্যের বড় কারণ। আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ থেকে ফুল সরাসরি বিমানে করে নেদারল্যান্ডসে আসে। সেখান থেকে অল্প সময়ের মধ্যে সেগুলো নিলামে ওঠে এবং বিক্রির পর দ্রুত ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে পৌঁছে যায়।

এই পুরো সরবরাহ ব্যবস্থা এতটাই নিখুঁত যে, সকালে নিলামে বিক্রি হওয়া ফুল পরদিনই প্যারিস বা লন্ডনের দোকানে পাওয়া যায়।

বিশেষ দিনগুলোতে এই বাজারের গুরুত্ব আরও বেড়ে যায়। ভালোবাসা দিবসের সময় শুধু কয়েক দিনের ব্যবধানে লক্ষ লক্ষ গোলাপ বিক্রি হয়, যার বড় অংশের যোগান আসে এখান থেকেই।

চ্যালেঞ্জ থাকলেও, আধুনিক প্রযুক্তি, দ্রুত সরবরাহ ব্যবস্থা এবং সমবায় ভিত্তিক মডেলের কারণে আলসমেয়ার এখনো বিশ্ব ফুলবাজারের কেন্দ্র হিসেবে শক্ত অবস্থান ধরে রেখেছে।

এটি শুধু একটি বাজার নয়, বরং এমন একটি ব্যবস্থা যেখানে প্রকৃতি, প্রযুক্তি এবং বাণিজ্য একসঙ্গে কাজ করে প্রতিদিন কোটি কোটি ফুলকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেয়।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G