সুস্থ জীবন গঠনে রাসুল (সা.)–এর ১০টি গুরুত্বপূর্ণ সুন্নাহ

প্রকাশঃ মে ২৭, ২০২৬ সময়ঃ ১০:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫০ অপরাহ্ণ

জীবনে সফল হতে পরিশ্রম, মেধা ও পরিকল্পনার পাশাপাশি প্রয়োজন সুস্থ শরীর ও প্রশান্ত মন। কিন্তু ব্যস্ত জীবনযাত্রা ও কাজের চাপের কারণে অনেকেই নিজের স্বাস্থ্য ও মানসিক শান্তির বিষয়টি উপেক্ষা করেন। অথচ ইসলাম একটি ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থার শিক্ষা দেয়, যেখানে শরীর, মন ও আত্মার যত্নকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে।

হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ছিল পরিমিত, শৃঙ্খলাপূর্ণ ও স্বাস্থ্যসম্মত। তাঁর দৈনন্দিন অভ্যাস ও উপদেশে এমন অনেক বিষয় রয়েছে, যা আধুনিক স্বাস্থ্যবিজ্ঞানের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। নিচে তুলে ধরা হলো সুস্থ ও সুন্দর জীবনের জন্য মহানবী (সা.)–এর অনুসরণীয় ১০টি গুরুত্বপূর্ণ অভ্যাস।

১. সুস্থতাকে আল্লাহর বিশেষ নেয়ামত মনে করা

ইসলামে সুস্থতাকে বড় নিয়ামত হিসেবে বিবেচনা করা হয়েছে। মহানবী (সা.) মানুষকে সময় ও সুস্থতার মূল্য বোঝার প্রতি গুরুত্বারোপ করেছেন। কারণ অসুস্থতা বা ব্যস্ততা জীবনের অনেক গুরুত্বপূর্ণ সুযোগ থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়।

২. পরিমিত খাবার গ্রহণ

অতিরিক্ত খাওয়ার অভ্যাস শরীরে নানা রোগ সৃষ্টি করতে পারে। মহানবী (সা.) সবসময় পরিমিত আহারের প্রতি উৎসাহ দিয়েছেন। তিনি এমনভাবে খাবার গ্রহণের শিক্ষা দিয়েছেন, যাতে শরীর সচল থাকে এবং অলসতা তৈরি না হয়।

৩. শরীরচর্চা ও কর্মক্ষমতা বজায় রাখা

নবীজি (সা.) সক্রিয় জীবনযাপন পছন্দ করতেন। হাঁটা, ক্রীড়া ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রমকে তিনি ইতিবাচকভাবে দেখেছেন। ইসলামেও শক্তিশালী ও কর্মক্ষম মুমিনকে উত্তম হিসেবে উল্লেখ করা হয়েছে।

৪. পরিচ্ছন্নতার প্রতি গুরুত্ব

পরিষ্কার-পরিচ্ছন্নতা ইসলামের অন্যতম মৌলিক শিক্ষা। ব্যক্তিগত পরিচ্ছন্নতা থেকে শুরু করে পোশাক ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর জোর দিয়েছেন রাসুল (সা.)। এটি শুধু ধর্মীয় দিক থেকেই নয়, স্বাস্থ্য রক্ষার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৫. দাঁত ও মুখের যত্ন

মেসওয়াক ব্যবহার ছিল মহানবী (সা.)–এর গুরুত্বপূর্ণ সুন্নাহ। মুখ ও দাঁতের পরিচ্ছন্নতা মানুষের ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস ও শারীরিক সুস্থতার সঙ্গে জড়িত। তাই নিয়মিত মুখের যত্ন নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

৬. রাগ নিয়ন্ত্রণ করা

রাগ মানুষের বিচারবোধ ও মানসিক শান্তি নষ্ট করে। মহানবী (সা.) বারবার রাগ সংযমের শিক্ষা দিয়েছেন। ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণকে তিনি উত্তম চরিত্রের অংশ হিসেবে তুলে ধরেছেন।

৭. ক্ষমাশীল মানসিকতা গড়ে তোলা

অন্যের প্রতি বিদ্বেষ বা ক্ষোভ পুষে রাখলে মানসিক অশান্তি বাড়ে। ইসলাম ক্ষমা ও সহনশীলতার শিক্ষা দেয়। মহানবী (সা.) মানুষের ভুল ক্ষমা করে দেওয়াকে মর্যাদাপূর্ণ গুণ হিসেবে বর্ণনা করেছেন।

৮. দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে দোয়া করা

চিন্তা ও হতাশা মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে। রাসুল (সা.) দুশ্চিন্তা, অলসতা ও দুর্বলতা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। মানসিক প্রশান্তির জন্য দোয়া ও আত্মিক চর্চার গুরুত্ব ইসলাম বিশেষভাবে তুলে ধরেছে।

৯. ইতিবাচক চিন্তা ও সন্দেহ এড়িয়ে চলা

অন্যের প্রতি নেতিবাচক ধারণা ও অযথা সন্দেহ সম্পর্ক নষ্ট করে এবং মানসিক চাপ বাড়ায়। মহানবী (সা.) মানুষকে ভালো ধারণা পোষণ ও ইতিবাচক মনোভাব বজায় রাখার পরামর্শ দিয়েছেন।

১০. ঘুম ও বিশ্রামের ভারসাম্য রাখা

স্বাস্থ্যকর জীবনের জন্য পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম অত্যন্ত জরুরি। মহানবী (সা.) রাত জাগা অপছন্দ করতেন এবং নিয়মতান্ত্রিক জীবনযাপনের প্রতি গুরুত্ব দিতেন। শরীরেরও মানুষের ওপর অধিকার রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।

মহানবী (সা.)–এর জীবনাদর্শ শুধু ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং স্বাস্থ্যকর ও সুশৃঙ্খল জীবন গঠনের ক্ষেত্রেও ছিল অনুকরণীয়। তাঁর দেখানো পথ অনুসরণ করলে শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি ও আত্মিক ভারসাম্য অর্জন সহজ হতে পারে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G