প্রবাসীদের জন্য জমি ও বাড়ির মালিকানা নিয়ে সুখবর দিল সৌদি আরব

প্রকাশঃ জুন ২৬, ২০২৬ সময়ঃ ১০:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫১ অপরাহ্ণ

সৌদি আরব বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে সম্পত্তি খাতে নতুন উদ্যোগ নিয়েছে। দেশটির মন্ত্রিসভা সম্প্রতি বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের রিয়েল এস্টেট মালিকানা সংক্রান্ত নির্বাহী বিধিমালার অনুমোদন দিয়েছে, যা আবাসন ও বিনিয়োগ খাতে নতুন সম্ভাবনার সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে।

নতুন বিধিমালার মাধ্যমে সৌদি আরবের কোন কোন এলাকায় বিদেশিরা সম্পত্তির মালিক হতে পারবেন, সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য দেশটির সম্পত্তি বাজারে প্রবেশের পথ আরও সুগম হবে।

এর আগে চলতি বছরের শুরুতে কার্যকর হওয়া নতুন আইনের আওতায় বিদেশিদের সম্পত্তি মালিকানার সুযোগ তৈরি করা হয়েছিল। সর্বশেষ অনুমোদিত বিধিমালা সেই আইনের বাস্তবায়ন কাঠামো নির্ধারণ করেছে। নির্ধারিত শর্ত পূরণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বিদেশি নাগরিক ও প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের স্থাবর সম্পত্তি অধিগ্রহণ করতে পারবে।

নতুন ব্যবস্থায় আবাসিক ও বাণিজ্যিক সম্পত্তির পাশাপাশি কৃষি ও শিল্প খাতের জমি ও স্থাপনাও বিদেশিদের জন্য উন্মুক্ত করা হয়েছে। একই সঙ্গে সৌদি আরবে বৈধভাবে পরিচালিত বিদেশি কোম্পানিগুলো তাদের ব্যবসায়িক প্রয়োজন অনুযায়ী অফিস, গুদাম, কারখানা কিংবা অন্যান্য অবকাঠামোর মালিকানা অর্জনের সুযোগ পাবে।

সৌদি সরকারের মতে, এই পদক্ষেপ দেশের রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে। পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্প্রসারণেও ভূমিকা রাখবে।

দেশটি দীর্ঘদিন ধরে তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে বহুমুখী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার চেষ্টা করছে। সেই লক্ষ্য বাস্তবায়নে পর্যটন, প্রযুক্তি, শিল্প এবং আবাসন খাতে ব্যাপক বিনিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা ‘ভিশন ২০৩০’-এর অন্যতম অংশ।

বিশ্লেষকদের ধারণা, বিদেশিদের জন্য সম্পত্তি মালিকানার সুযোগ বৃদ্ধি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগে উৎসাহিত করবে। একই সঙ্গে চলমান নগর উন্নয়ন ও অবকাঠামো প্রকল্পগুলোও নতুন বিনিয়োগ আকর্ষণে সহায়ক ভূমিকা পালন করবে।

নতুন বিধিমালা কার্যকর হওয়ার ফলে সৌদি আরবের রিয়েল এস্টেট খাত আরও প্রতিযোগিতামূলক ও আন্তর্জাতিক বিনিয়োগবান্ধব হয়ে উঠবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

প্রতি / এডি / শাআ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G