ভিসা ছাড়াই জার্মানিতে প্রবেশের সুযোগ থাকছে ৬২ দেশের নাগরিকদের
২০২৬ সালেও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও শেনজেন অঞ্চলের বাইরে থাকা ৬২টি দেশের নাগরিকদের জন্য স্বল্পমেয়াদি ভিসামুক্ত প্রবেশের সুবিধা বহাল রেখেছে জার্মানি। দেশটির সর্বশেষ নীতিমালা অনুযায়ী, তালিকাভুক্ত দেশের নাগরিকরা নির্দিষ্ট শর্তে ভিসা ছাড়াই জার্মানিতে ভ্রমণ করতে পারবেন। তবে এই সুবিধার আওতায় নেই বাংলাদেশ।
জার্মান পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, তালিকাভুক্ত দেশের নাগরিকরা ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত জার্মানিতে অবস্থান করতে পারবেন। এ সময় তারা পর্যটন, ব্যবসায়িক সফর, সম্মেলনে অংশগ্রহণ অথবা আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাতের মতো স্বল্পমেয়াদি কাজে দেশটিতে যেতে পারবেন।
তবে কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, এই ভিসামুক্ত সুবিধা শুধুমাত্র স্বল্পমেয়াদি ভ্রমণের জন্য। এর মাধ্যমে কোনো ব্যক্তি জার্মানিতে চাকরি, আয়মূলক কাজ বা দীর্ঘমেয়াদি বসবাসের অনুমতি পাবেন না। কর্মসংস্থান বা দীর্ঘমেয়াদি থাকার জন্য আগের মতোই নির্ধারিত ভিসা ও অনুমতি নিতে হবে।
এবারের তালিকায় জার্মানির গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কূটনৈতিক অংশীদার দেশগুলোর নাগরিকরাও রয়েছেন। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, ইসরায়েল, ব্রাজিল, আর্জেন্টিনা, মালয়েশিয়া, মেক্সিকো, ইউক্রেনসহ মোট ৬২টি দেশ ও অঞ্চল।
অন্যদিকে, বাংলাদেশের নাগরিকদের জন্য কোনো পরিবর্তন আসেনি। জার্মানিতে ভ্রমণ, ব্যবসায়িক সফর কিংবা অন্য যেকোনো স্বল্পমেয়াদি উদ্দেশ্যে যেতে হলে আগের মতোই সংশ্লিষ্ট ক্যাটাগরির ভিসা গ্রহণ করতে হবে।
জার্মান কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ফলে তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকরা তুলনামূলক সহজ প্রক্রিয়ায় ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ এই দেশে স্বল্পমেয়াদি সফরের সুযোগ পাবেন। তবে ভ্রমণের আগে পাসপোর্টের মেয়াদ, অবস্থানের সময়সীমা এবং অন্যান্য প্রবেশসংক্রান্ত শর্ত পূরণ করা বাধ্যতামূলক।
প্রতি / এডি / শাআ










