বন্যা প্রতিরোধে বাঁধের পাশাপাশি নির্মিত হবে ফ্লাডওয়াল

প্রকাশঃ জুন ১২, ২০২৬ সময়ঃ ১০:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৫ অপরাহ্ণ

বন্যা নিয়ন্ত্রণ এবং পানিসম্পদ ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে আগামী অর্থবছরে দেশের বিভিন্ন এলাকায় ৩০৯ কিলোমিটার বাঁধ নির্মাণ, পুনর্নির্মাণ ও সংস্কারের পাশাপাশি ফ্লাডওয়াল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এ জন্য পানিসম্পদ খাতে ১০ হাজার ৫৩৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেন, যা দেশের ইতিহাসে অন্যতম বড় বাজেট হিসেবে বিবেচিত হচ্ছে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, দেশের পানি ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও টেকসই করতে সরকার সমন্বিত উদ্যোগ গ্রহণ করছে। সেচ সুবিধা বৃদ্ধি, বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন প্রতিরোধ, জলাবদ্ধতা নিরসন, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা কমাতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি জানান, আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাধার খনন এবং পুনঃখননের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৫৯৮ কিলোমিটার খাল খননের কাজ ইতোমধ্যে চলমান রয়েছে।

এছাড়া আগামী অর্থবছরে ৪৮৪ কিলোমিটার নদ-নদীর নাব্যতা বৃদ্ধি এবং ডুবোচর অপসারণের পরিকল্পনাও রয়েছে। নদীপথ সচল রাখা ও পানি প্রবাহ স্বাভাবিক করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

নদী পুনরুদ্ধার কর্মসূচির আওতায় দেশের প্রতিটি বিভাগে অন্তত একটি নদী বা জলাশয় পুনরুজ্জীবনের পরিকল্পনার কথাও তুলে ধরেন অর্থমন্ত্রী। এ কার্যক্রমের অংশ হিসেবে ধলেশ্বরী, লৌহজং, আলাইকুড়ি, মগড়া, সালতা, সুতাং, বাঁকখালী ও বারনই নদীতে পানি প্রবাহ নিশ্চিত এবং পুনরুদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে।

হাওর-বাঁওড় এলাকার উন্নয়ন এবং উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা হ্রাসেও সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অর্থমন্ত্রী আরও জানান, সম্প্রতি অনুমোদন পাওয়া পদ্মা ব্যারাজ প্রকল্প আগামী সাত বছরে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও পানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং দেশের প্রায় ৩৭ শতাংশ মানুষ এর সুফল পাবে। চারটি বিভাগের ১৯টি জেলার ১২০টি উপজেলা সরাসরি উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, উত্তরাঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগও এগিয়ে নেওয়া হচ্ছে বলে বাজেট বক্তৃতায় উল্লেখ করা হয়।

প্রতি / এডি / শাআ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

July 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G