ভালোবাসা থাকা সত্ত্বেও দাম্পত্য জীবনে কেন দূরত্ব বেড়ে যায়?
বিয়ের পর একসঙ্গে কাটে বছরের পর বছর। সংসার, সন্তান, দায়িত্ব, সংগ্রাম আর অসংখ্য স্মৃতিতে ভরে ওঠে জীবন। বাইরে থেকে দেখলে মনে হয় সবকিছু ঠিকঠাক চলছে। কিন্তু অনেক দম্পতির ক্ষেত্রেই একটা সময় এসে দেখা যায়, সম্পর্ক আগের মতো প্রাণবন্ত নেই। কথাবার্তা কমে যায়, আবেগের প্রকাশ হ্রাস পায়, আর একসময় একই ছাদের নিচে থেকেও দুজন মানুষের মধ্যে অদৃশ্য দূরত্ব তৈরি হয়।
বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতি হঠাৎ করে তৈরি হয় না। ছোট ছোট কিছু আচরণ ও অভ্যাস ধীরে ধীরে সম্পর্কের উষ্ণতা কমিয়ে দেয়। ফলে ভালোবাসা থাকলেও দাম্পত্যে এক ধরনের মানসিক ক্লান্তি দেখা দিতে পারে।
কথোপকথনের অভাব
সুস্থ সম্পর্কের অন্যতম ভিত্তি হলো যোগাযোগ। কিন্তু অনেক দম্পতি সময়ের সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় কথার বাইরে আর কিছু বলেন না।
প্রথম দিকে যেখানে দিনের নানা ঘটনা, অনুভূতি বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতো, সেখানে পরে কথাবার্তা সীমাবদ্ধ হয়ে যায় সংসারের দায়িত্ব কিংবা দৈনন্দিন কাজের মধ্যে।
ধীরে ধীরে এই দূরত্ব এমন জায়গায় পৌঁছায়, যেখানে দুজন মানুষ একে অপরের জীবনের অংশ হলেও মনের খবর জানেন না।
ছোট বিষয়ে অতিরিক্ত বিরক্তি
অনেক সময় সম্পর্কের বড় সমস্যা নয়, বরং ছোট ছোট বিরক্তিই বড় প্রভাব ফেলে।
কোনো কাজ ভুলে যাওয়া, প্রয়োজনীয় জিনিস গুছিয়ে না রাখা কিংবা দৈনন্দিন কিছু অভ্যাস নিয়ে অসন্তোষ তৈরি হতে পারে। এসব বিষয় নিয়ে দীর্ঘদিন ক্ষোভ জমতে থাকলে সঙ্গীর ভালো দিকগুলো আড়ালে চলে যায় এবং নেতিবাচক দিকগুলোই বেশি চোখে পড়ে।
ফলে সম্পর্কের পরিবেশ ধীরে ধীরে ভারী হয়ে ওঠে।
অতীতের কষ্ট আঁকড়ে রাখা
মানুষ ভুল করতেই পারে। দাম্পত্য জীবনেও ভুল বোঝাবুঝি, মন খারাপ বা কষ্টের ঘটনা ঘটে।
কিন্তু পুরোনো ঘটনা বারবার সামনে এনে বর্তমান সমস্যার সঙ্গে যুক্ত করলে সম্পর্কের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়। এতে একটি ছোট মতবিরোধও বড় আকার ধারণ করতে পারে।
সম্পর্ককে সামনে এগিয়ে নিতে হলে অতীত থেকে শিক্ষা নেওয়া জরুরি, তবে সব সময় অতীতের ক্ষতকে বর্তমানের আলোচনায় টেনে আনা উপকারী নয়।
সঙ্গীকে নিজের মতো করে গড়ার চেষ্টা
অনেকেই মনে করেন, সঙ্গী যদি কিছুটা বদলে যান, তাহলে সম্পর্ক আরও সুন্দর হবে।
কিন্তু বাস্তবতা হলো, কোনো মানুষকে জোর করে পরিবর্তন করা সম্ভব নয়। একজন ব্যক্তি তখনই পরিবর্তিত হন, যখন তিনি নিজে পরিবর্তনের প্রয়োজন অনুভব করেন।
তাই সবসময় পরিবর্তনের প্রত্যাশা না করে সঙ্গীর ব্যক্তিত্ব ও সীমাবদ্ধতাকে বোঝার চেষ্টা করলে সম্পর্ক অনেক বেশি স্বস্তিদায়ক হতে পারে।
চাপা ক্ষোভ জমতে দেওয়া
কিছু মানুষ সম্পর্কের শান্তি বজায় রাখতে নিজের কষ্ট বা অসন্তোষ প্রকাশ করেন না। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে ক্ষোভ জমতে থাকে।
সমস্যা হলো, অব্যক্ত অনুভূতি কখনোই পুরোপুরি হারিয়ে যায় না। বরং সময়ের সঙ্গে তা আরও গভীর হয়। একসময় সামান্য একটি ঘটনা দীর্ঘদিনের জমে থাকা অভিমানকে সামনে নিয়ে আসে।
এ কারণে সম্পর্কে খোলামেলা আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কীভাবে ফিরতে পারে সম্পর্কের উষ্ণতা?
দাম্পত্যের দূরত্ব সাধারণত একদিনে তৈরি হয় না, তাই এর সমাধানও তাৎক্ষণিক নয়।
তবে কিছু ছোট পদক্ষেপ ইতিবাচক পরিবর্তন আনতে পারে। যেমন:
- নিয়মিত একে অপরের সঙ্গে সময় কাটানো
- মনোযোগ দিয়ে শোনা
- কৃতজ্ঞতা প্রকাশ করা
- পুরোনো ভুল নিয়ে বারবার আলোচনা না করা
- সমালোচনার বদলে বোঝার চেষ্টা করা
বিশেষজ্ঞদের মতে, বেশিরভাগ সম্পর্ক ভালোবাসার অভাবে দুর্বল হয় না। বরং সমস্যা তৈরি হয় তখন, যখন দুই মানুষ ধীরে ধীরে একে অপরের অনুভূতি, প্রয়োজন ও চিন্তার জগত থেকে দূরে সরে যেতে শুরু করেন।
সেই দূরত্ব কমানোর প্রথম পদক্ষেপ হতে পারে একটি আন্তরিক কথোপকথন। কারণ সম্পর্কের পথ হারিয়ে গেলেও, ইচ্ছা থাকলে সেই পথ আবার খুঁজে পাওয়া সম্ভব।
প্রতি / এডি / শাআ












