আন্তর্জাতিক ফ্লাইট চালুর পথে কক্সবাজার বিমানবন্দর
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ প্রায় শেষ। সব প্রস্তুতি সম্পন্ন হলে অচিরেই এখান থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা সম্ভব হবে। এ লক্ষ্য অর্জনে বিশ্বের বিভিন্ন শীর্ষ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগও অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় সংসদ সদস্য লুৎফুর রহমান-এর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।
মন্ত্রী বলেন, কক্সবাজারকে আন্তর্জাতিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় অবকাঠামো ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। বড় আকারের উড়োজাহাজ ওঠানামার সুবিধার্থে রানওয়ের দৈর্ঘ্য ৯ হাজার ফুট থেকে বাড়িয়ে ১০ হাজার ৭০০ ফুট করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য প্রায় ১৭ হাজার ৯৫৫ বর্গমিটার আয়তনের আধুনিক টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে।
তিনি আরও জানান, আন্তর্জাতিক মান বজায় রাখতে International Civil Aviation Organization (আইসিএও) থেকে প্রয়োজনীয় সনদপত্র সংগ্রহ করা হয়েছে। বর্তমানে বিমানবন্দরের অপারেশনাল কার্যক্রম, টেস্টিং ও কমিশনিং চলছে। আগামী কয়েক মাসের মধ্যেই এটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিরোধী দলের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী-এর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সব প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে এবং খুব শিগগিরই আন্তর্জাতিক ফ্লাইট চালু করা সম্ভব হবে।
এদিকে সরকারদলীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম-এর প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বর্তমানে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিদেশি এয়ারলাইন্সকে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য রাজস্ব আয় করছে।
তবে উড়োজাহাজের ঘাটতির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করা এবং পুরোনোগুলো ধাপে ধাপে বাদ দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। নতুন উড়োজাহাজ না আসা পর্যন্ত লিজের মাধ্যমে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। এছাড়া অনলাইন টিকিটিং ও নজরদারি বাড়ানোর ফলে বিমানের অনটাইম পারফরম্যান্স (ওটিপি) ৮০ শতাংশে উন্নীত হয়েছে।
অন্যদিকে সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ-এর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বগুড়া, লালমনিরহাট ও ঠাকুরগাঁও স্টালপোর্ট থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। এছাড়া নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট কমিটির প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস-এর প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০২০ ও ২০২১ সালে কানাডা ও যুক্তরাষ্ট্র থেকে কেনা উড়োজাহাজ ক্রয়ে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। সব প্রক্রিয়া যথাযথ নিয়ম মেনেই সম্পন্ন হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
প্রতি / এডি / শাআ









