ঈদযাত্রা সহজ করতে চালু হচ্ছে ১০টি বিশেষ ট্রেন
পবিত্র ঈদুল আজহাকে ঘিরে ঘরমুখো মানুষের অতিরিক্ত চাপ সামাল দিতে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষে মোট ১০টি বিশেষ ট্রেন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে চলাচল করবে। রেলওয়ে সূত্র জানিয়েছে, আগামী শনিবার (২৪ মে) থেকে ধাপে ধাপে এসব ট্রেন চলাচল শুরু হবে এবং ঈদের আগে ও পরে নির্ধারিত সময়সূচিতে সেবা দেবে।
ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে নিয়মিত আন্তঃনগর ট্রেনের পাশাপাশি চাঁদপুর, দেওয়ানগঞ্জ, কিশোরগঞ্জ ও পার্বতীপুর রুটে বাড়তি ট্রেন পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। রেলওয়ের কর্মকর্তাদের মতে, যাত্রীচাপ কমাতে এসব বিশেষ ট্রেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চট্টগ্রাম-চাঁদপুর রুটে চলবে চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ২। ট্রেন দুটি ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত চলাচল করবে। ঈদের পর আবার ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত সেবা চালু থাকবে। এর মধ্যে একটি ট্রেন বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম থেকে ছেড়ে রাত ৮টা ২০ মিনিটে চাঁদপুর পৌঁছাবে। ফিরতি ট্রেন ভোর ৪টায় চাঁদপুর থেকে রওনা হয়ে সকাল ৮টা ৫০ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবে।
একইভাবে ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে চালানো হবে তিস্তা ঈদ স্পেশাল-৩ ও ৪। ট্রেনটি সকাল সাড়ে ৯টায় ঢাকা ছাড়বে এবং বিকেল ৪টা ১০ মিনিটে দেওয়ানগঞ্জ পৌঁছাবে। ফিরতি যাত্রায় বিকেল সাড়ে ৪টায় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে রাত ১০টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
ঈদের দিন কিশোরগঞ্জগামী যাত্রীদের জন্য বিশেষভাবে চালানো হবে দুটি শোলাকিয়া স্পেশাল ট্রেন। ভৈরববাজার থেকে ভোর ৬টায় ছেড়ে ট্রেনটি সকাল ৮টায় কিশোরগঞ্জ পৌঁছাবে। ফিরতি ট্রেন দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে রওনা হয়ে দুপুর ২টায় ভৈরববাজারে পৌঁছাবে।
এ ছাড়া ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটেও ঈদের দিন বিশেষ ট্রেন চলবে। শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ভোর ৫টা ৪৫ মিনিটে ময়মনসিংহ থেকে ছেড়ে সকাল সাড়ে ৮টায় কিশোরগঞ্জ পৌঁছাবে। ফিরতি ট্রেন দুপুরে কিশোরগঞ্জ থেকে যাত্রা শুরু করে বিকেল ৩টায় ময়মনসিংহ পৌঁছাবে।
উত্তরাঞ্চলের যাত্রীদের সুবিধায় জয়দেবপুর-পার্বতীপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ ও ১০ চালানো হবে। ঈদের আগে ২৪ থেকে ২৬ মে পর্যন্ত ট্রেন দুটি চলবে। এ সময় জয়দেবপুর থেকে সন্ধ্যা ৭টায় ট্রেন ছেড়ে গভীর রাতে পার্বতীপুর পৌঁছাবে। ফিরতি ট্রেন সকালে পার্বতীপুর থেকে ছেড়ে দুপুরে জয়দেবপুরে পৌঁছাবে।
ঈদের পর এই রুটের সময়সূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। তখন জয়দেবপুর থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ট্রেন ছেড়ে দুপুর ২টা ৫০ মিনিটে পার্বতীপুর পৌঁছাবে। ফিরতি ট্রেন রাত ১০টা ২০ মিনিটে পার্বতীপুর থেকে ছেড়ে ভোরে জয়দেবপুরে পৌঁছাবে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ ট্রেন পরিচালনার পাশাপাশি স্টেশন ব্যবস্থাপনা, টিকিট সেবা ও যাত্রী নিরাপত্তায়ও বাড়তি প্রস্তুতি নেওয়া হচ্ছে, যাতে ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক হয়।
প্রতি / এডি / শাআ













