উত্তরবঙ্গবাসীর জন্য ঈদযাত্রায় মিলল বড় সুখবর

প্রকাশঃ মে ২৫, ২০২৬ সময়ঃ ১২:০৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৬ পূর্বাহ্ণ

ঈদুল আজহাকে সামনে রেখে উত্তরবঙ্গগামী মানুষের যাত্রা সহজ করতে চালু করা হয়েছে নির্মাণাধীন হাটিকুমরুল ইন্টারচেঞ্জের বগুড়া-রংপুরমুখী ফ্লাইওভার লেন। সংশ্লিষ্টদের আশা, নতুন এই লেন চালুর ফলে এবারের ঈদযাত্রায় যানজট ও ভোগান্তি অনেকটাই কমে আসবে।

রোববার (২৪ মে) সকালে হাটিকুমরুল এলাকায় যাত্রী, চালক ও দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে এমন আশাবাদের কথা জানা গেছে।

সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরকে উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ হিসেবে ধরা হয়। এখান থেকেই ঢাকা, পাবনা, রাজশাহী, বগুড়া ও রংপুরমুখী যানবাহন আলাদা হয়ে যায়। সাধারণ সময়ে প্রতিদিন প্রায় ২০ থেকে ২২ হাজার যানবাহন চলাচল করলেও ঈদ মৌসুমে এ সংখ্যা বেড়ে প্রায় ৫০ হাজারে পৌঁছে যায়। ফলে প্রতিবছরই এই এলাকায় দীর্ঘ যানজট ও চরম দুর্ভোগ দেখা দেয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২১ মে সকালে নতুন ফ্লাইওভার লেনটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এতে উত্তরাঞ্চলের ঈদযাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হবে বলে মনে করছেন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টরা।

ঢাকা থেকে রংপুরগামী এক বাসচালক জানান, ঈদের আগে নতুন লেন চালু হওয়ায় এবার দীর্ঘ সময় যানজটে আটকে থাকার আশঙ্কা কমেছে। অতিরিক্ত চাপ থাকলেও যান চলাচল আগের তুলনায় অনেক স্বাভাবিক থাকবে বলে তিনি আশা করছেন।

বগুড়াগামী কয়েকজন যাত্রী বলেন, হাটিকুমরুল মোড় দীর্ঘদিন ধরেই ভোগান্তির জায়গা হিসেবে পরিচিত ছিল। আলাদা লেন চালুর ফলে এবার যাত্রাপথ আরও সহজ ও নির্বিঘ্ন হতে পারে।

পশুবাহী ট্রাকচালকদেরও মতে, ঈদের সময় গরুবাহী ও মালবাহী যানবাহনের চাপ বেড়ে যায়। নতুন লেন ব্যবহারের সুযোগ থাকায় পরিবহন দ্রুত চলাচল করতে পারবে এবং সময়ও কম লাগবে।

গাজীপুর থেকে বগুড়াগামী কয়েকজন মাইক্রোবাসচালক বলেন, আগে এই এলাকায় ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হতো। এখন আলাদা লেন চালু হওয়ায় যান চলাচলে স্বস্তি ফিরবে।

রংপুর থেকে ঢাকাগামী এক বাসচালক জানান, উত্তরবঙ্গমুখী যানবাহনের সবচেয়ে বেশি চাপ পড়ে হাটিকুমরুল এলাকায়। নতুন ব্যবস্থা চালকদের পাশাপাশি যাত্রীদের দুর্ভোগও কমাবে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, ঈদকে কেন্দ্র করে উত্তর ও দক্ষিণাঞ্চলে যানবাহনের চাপ বাড়বে। বিশেষ করে পশুবাহী ট্রাক ও যাত্রীবাহী পরিবহনের সংখ্যা একসঙ্গে বৃদ্ধি পাওয়ায় চাপ তৈরি হবে। নতুন লেন সেই চাপ সামাল দিতে সহায়ক হবে বলে তিনি মনে করেন।

সাসেক-২ প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক সরফরাজ হোসাইন জানান, উত্তরবঙ্গমুখী প্রায় ৬০ শতাংশ যানবাহন এই নতুন লেন ব্যবহার করতে পারবে। প্রায় ৭৩৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন আন্তর্জাতিক মানের হাটিকুমরুল ইন্টারচেঞ্জ প্রকল্পের কাজ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।

সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, ঈদযাত্রা নিরাপদ রাখতে জেলার মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘরমুখো মানুষ ও পশুবাহী যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

তিনি আরও জানান, গত ঈদে যেখানে ৫৮৫ জন পুলিশ সদস্য দায়িত্বে ছিলেন, সেখানে এবার যানবাহনের চাপ বিবেচনায় ৬ শতাধিক সদস্য মাঠে কাজ করছেন।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G