এরশাদের রাডার দূর্নীতি মামলার রায় আজ

প্রকাশঃ এপ্রিল ১৯, ২০১৭ সময়ঃ ১১:০১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৫ অপরাহ্ণ

রাডার ক্রয়সংক্রান্ত দুর্নীতির মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদসহ চারজনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আজ বুধবার।

গত ১২ এপ্রিল রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই দিন ধার্য করেন ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা।

আদালতে সরকারপক্ষের কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল জানান, আজ বেলা ৩টার দিকে এ রায় ঘোষণা করা হবে। রায় ঘোষণার সময় এরশাদকে আদালতে হাজিরের কথা বলা হয়েছে।

এরশাদের মামলাটি আগে ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতে বিচারাধীন ছিল। ২০১৩ সালের ১১ জুন মামলাটিতে যুক্তিতর্কের শুনানি পর্যায়ে ওই আদালতের বিচারক বিব্রত বোধ করে মহানগর দায়রা জজ আদালতে পাঠিয়ে দেন। এর পর এ আদালতে মামলাটির বিচার শুরু হয়। ২০১৩ সালের ২৪ এপ্রিল মামলাটির সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হয়।

মামলার অপর তিন আসামি হলেন সুলতান মাহমুদ, মমতাজ উদ্দিন আহমদ ও এ কে এম মুসা। মামলার শুরু থেকেই মুসা পলাতক।

মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৪ সালের ২৭ অক্টোবর এরশাদসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরবর্তী সময়ে ১৯৯৫ সালের ১২ আগস্ট এরশাদসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এর পর ১৯৯৮ সাল পর্যন্ত মামলাটি সুপ্রিম কোর্টের আদেশে স্থগিত ছিল। পরবর্তী সময়ে ২০১০ সালের ১৯ আগস্ট মামলায় বাদীপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা অবৈধ আর্থিক সুবিধা নিয়ে ফ্রান্সের থমসন সিএসএফ কোম্পানির অত্যাধুনিক রাডার না কিনে বেশি দামে যুক্তরাষ্ট্রের ওয়েস্টিং কোম্পানির রাডার কিনে সরকারের ৬৪ কোটি চার লাখ ৪২ হাজার ৯১৮ টাকা ক্ষতি করেন।

প্রতিক্ষণ/এডি/নবা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G