চট্টগ্রামে লিফটের ভেতর আটকে কিশোর, দেড় ঘণ্টা পর উদ্ধার

প্রকাশঃ এপ্রিল ২৩, ২০২৬ সময়ঃ ১০:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৬ অপরাহ্ণ

চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় একটি সরকারি আবাসিক ভবনের লিফটে আটকা পড়ে প্রায় দেড় ঘণ্টা দুর্ভোগ পোহাতে হয়েছে এক কিশোরকে। পরে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে ফায়ার সার্ভিস এসে তাকে উদ্ধার করে।

মঙ্গলবার বিকেলে ‘হালদা’ নামের ১৩ তলা সরকারি ভবনের নিচতলার একটি লিফট থেকে নবম শ্রেণির ওই শিক্ষার্থীকে বের করে আনেন উদ্ধারকর্মীরা। এর আগে স্কুল থেকে বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

খোঁজ করতে গিয়ে ভবনের নিচে একটি লিফট দীর্ঘ সময় ধরে বন্ধ অবস্থায় দেখতে পান স্বজনরা। সন্দেহ হলে দরজায় ধাক্কা দেন, তখন ভেতর থেকে সাড়া পাওয়া যায়। এরপরই তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করেন।

চন্দনপুরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লিফট খুলে কিশোরটিকে নিরাপদে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই সে লিফটের ভেতরে আটকে পড়ে।

পরিবার সূত্রে জানা যায়, কিশোরটির বাবা-মা দুজনই সরকারি চাকরিজীবী এবং ওই ভবনের একটি বরাদ্দকৃত ফ্ল্যাটে বসবাস করেন। তার বাবা জানান, বাসায় ফিরে ছেলেকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে খোঁজ শুরু করেন। পরে লিফট আটকে থাকতে দেখে সন্দেহ হয় এবং সেখান থেকেই ছেলেকে শনাক্ত করা যায়।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় লিফটের ভেতরে আটকে থাকার কারণে কিশোরটি মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত হয়ে পড়ে। তার শ্বাসকষ্টের সমস্যা থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এছাড়া লিফটের ভেতরে ফ্যান চালু ছিল না এবং কোনো ইন্টারকম ব্যবস্থাও ছিল না।

ভবনের বাসিন্দাদের অভিযোগ, দুটি লিফট থাকলেও প্রায়ই সেগুলো অচল থাকে। এমনকি জরুরি অ্যালার্ম ব্যবস্থাও ঠিকমতো কাজ করে না। এসব ত্রুটি দ্রুত ঠিক করা হলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব বলে তারা মনে করছেন।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G