ডিসেম্বরে দেশে আনা হবে নূর হোসেনকে

প্রকাশঃ নভেম্বর ১২, ২০১৫ সময়ঃ ৯:০৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৫ পূর্বাহ্ণ

প্রতিক্ষন ডেস্ক

Nur Hosenআলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে আগামী ডিসেম্বর মাসের শুরুর দিকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। তবে ফেরার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।

পশ্চিমবঙ্গ আদালতের সময় সীমা অনুযায়ী আগামী ১৫ ডিসেম্বর নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশনার তারিখ শেষ হচ্ছে। এদিকে বুধবার ভোরের দিকে কঠোর গোপনীয়তার মাধ্যমে উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতে ফেরত পাঠানোর পরপরই নূর হোসেনকে ফিরিয়ে আনার গুঞ্জন ছড়িয়ে পড়ে সব মহলে।

ভারতীয় সূত্রে জানা যায় আগামী ২ ডিসেম্বর নাগাদ নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে। নূর হোসেনকে ফেরত পাঠাতে সব ধরনের প্রক্রিয়া শেষের দিকে। এখন আনুষ্ঠানিকতা বাকি শুধু তাকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরের।

এদিকে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাজধানীতে এক অনুষ্ঠানে অনুপ চেটিয়াকে ফেরত পাঠানোর বিষয়টি স্বীকার করতে অনীহা প্রকাশ করলেও পরে সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ‘আদালতের আদেশেই অনুপ চেটিয়াকে তার দেশে ফেরত পাঠানো হয়েছে। একইভাবে নূর হোসেনকে ফেরত আনা হবে।’

তিনি আরো বলেন,  ‘কোনো বন্দি বিনিময় চুক্তি নয় বরং বন্ধুসুলভ আচরণের জন্য ওই দেশের সরকার নূর হোসেনকে ফেরত পাঠাবে।’

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জে প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে হত্যা করা হয়। ঘটনার  পর একে একে শীতলক্ষ্যা নদীতে নিহত সাতজনের লাশ ভেসে ওঠে। এ ঘটনায় দেশজুড়ে তোলপাড় হয়। চাঞ্চল্যকর এ ঘটনার পরপরই ভারতে পালিয়ে যান প্রধান আসামি নূর হোসেন। চলতি বছরের ৮ এপ্রিল সাত খুন মামলায় র‌্যাব-১১-এর তৎকালীন অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ, মেজর আরিফ ও লে. কমান্ডার এম এম রানা এবং নূর হোসেনসহ ৩৫ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন নারায়ণঞ্জ গোয়েন্দা পুলিশ।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G