তিন জেলায় বন্দুকযুদ্ধ, নিহত ৩

প্রকাশঃ নভেম্বর ৫, ২০১৫ সময়ঃ ১১:০৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৩ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

anjiবুধবার দিনগত রাতে এক থেকে দেড় ঘণ্টার ব্যবধানে দেশের তিনটি জেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে।  যশোর, মুন্সীগঞ্জ ও রাজবাড়ীতে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন।

বুধবার দিনগত রাত ২টা থেকে ৩টার মধ্যে এসব বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতদের সবার নামে একাধিক মামলা রয়েছে।

যশোর

যশোর প্রতিনিধি জানান,যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় পুলিশের পিকআপ ভ্যান থেকে পালিয়ে যাওয়া রাজবাড়ী এলাকার কথিত অস্ত্র ব্যবসায়ী ইলিয়াস মৃধা (৩০) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।  এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছে বলে দাবি পুলিশের। জব্দ করা হয়েছে দুটি রিভলবার ও একটি মোটরসাইকেল।

বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান দাবি করেন, বুধবার দুপুরে বেনাপোল পোর্ট থানা পুলিশের পিকআপ ভ্যানে করে যশোরে আদালতে যাওয়ার পথে কাগজপুকুর এলাকায় পিকআপ ভ্যান উল্টে গেলে হাতকড়াসহ পালিয়ে যান ইলিয়াস। এ দুর্ঘটনায় পোর্ট থানার এসআই ফিরোজ, কনস্টেবল ডালিম, মিজান ও পিকআপ ভ্যানচালক আমীর হামজা আহত হন। ওসি জানান, ঘটনার পর থেকে বেনাপোল ও শার্শা সীমান্তে সাঁড়াশি অভিযান চালায় পুলিশ। রাত দুইটার দিকে মোটরসাইকেল চালিয়ে পুটখালী সীমান্তে যাওয়ার পথে বারপোতা এলাকায় তাদের মোটরসাইকেল থামালে পুলিশের উদ্দেশে কয়েক রাউন্ড গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান ইলিয়াস। এ সময় অন্যরা একটি মোটরসাইকেল ও দুটি রিভলবার ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আহত পুলিশ সদস্যরা যশোর পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে তিনি জানান।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে যশোরের বেনাপোল পোর্ট থানাধীন গাজীপুর বটতলা এলাকা থেকে আটক হন ইলিয়াস মৃধা। পুলিশ তার কাছ থেকে একটি ৭ দশমিক ৬৫ বোরের পিস্তল, দুটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। ইলিয়াস রাজবাড়ী জেলা সদরের কাচরন্দ এলাকার লতিফ মৃধার ছেলে।

মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, জেলার টঙ্গীবাড়ি উপজেলার কাঁঠাদিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই বছরের সাজাপ্রাপ্ত ছয় মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী পিচ্চি সেন্টু (৩৫) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর রাত পৌনে ৩টায় টঙ্গীবাড়িতে ওই বন্দুকযুদ্ধে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহতরা হলেন টঙ্গীবাড়ি থানার দারোগা জসিম উদ্দিন, কনস্টেবল দেলোয়ার হোসেন ও মিজানুর রহমান। আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে  দুই রাউন্ড গুলি ভর্তি ১টি রিভলবার, ১টি চাইনিজ কুড়াল, ২টি ছুরি ও ২টি রড উদ্ধার করে।

টঙ্গীবাড়ি থানার ওসি আলমগীর হোসেন জানান,দুর্ধর্ষ এ সন্ত্রাসীকে বুধবার পাইকপারা থেকে গ্রেফতার করা হয়। এরপর তার দেওয়া তথ্য অনুযায়ী অস্ত্র উদ্ধারের জন্য অত্র এলাকায় এলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় সেন্টু পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের গুলিতে নিহত হন। তার লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা আছে। সেন্টু পশ্চিম সোনরংয়ের মৃত জয়নাল ব্যাপারীর পুত্র। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে টঙ্গীবাড়ি থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে।

রাজবাড়ী

রাজবাড়ী প্রতিনিধি জানান, সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তৌহিদুল ইসলাম ওরফে পিচ্চি শাহিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার আলীপুর এলাকায় এ ঘটনা ঘটে। তার বাড়ি উপজেলার খানখানাপুর ইউনিয়নের বড়ইপাড়া গ্রামে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ ১৩টি মামলা রয়েছে।

প্রতিক্ষন/এডি/এএস

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G