দেশের বিভিন্নস্থানে বজ্রপাতে নিহত ২৭

প্রকাশঃ মে ১২, ২০১৬ সময়ঃ ৯:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

eveoqwhpThWJuGwt_original

বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে ২৬ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৯ জন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সিরাজগঞ্জে পাঁচজন, পাবনায় চারজন, রাজশাহীতে তিনজন, রাজধানীর ডেমরায় দুইজন, গাজীপুরে দুইজন, কিশোরগঞ্জে চারজন, নাটোরে দুইজন, নেত্রকোনায় একজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন, হবিগঞ্জে একজন এবং নওগাঁয় একজনের মৃত্যু খবর পাওয়া গেছে।

প্রতিক্ষণের নিজস্ব প্রতিবেদকরা সারা দেশ থেকে এ তথ্য পাঠিয়েছেন: 

সিরাজগঞ্জ: রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলায়  শিশুসহ পাঁচজন নিহত হয়েছে এবং  দুইটি গরুও মারা গেছে তীব্র বজ্রপাতের আঘাতে।

নিহতরা হলো, রায়গঞ্জ উপজেলার চকপুর গ্রামের নুর নবীর শিশু কন্যা নুপুর খাতুন (৮) ও বৈকন্ঠপুর গ্রামের দারুজ্জামানের ছেলে আব্দুল মোতালেব (৪২), একই উপজেলার বেতগাতী গ্রামের বাসিন্দা এবং রায়গঞ্জের হাসিল মাদরাসার সহকারী শিক্ষক আনোয়ার হোসেন (৪৫), উল্লাপাড়া উপজেলার শিমলা গ্রামের আব্দুল লতিফ (৩৫) ও বেতুয়া গ্রামের গৃহবধু শাহিনুর বেগম (৩০)।

পাবনা: আমিনপুরের চারজনের মৃত্যু হয়েছে। এরা হলো, আহম্মদপুর ইউনিয়নের দক্ষিণচর গ্রামের মৃত রইছ সরদারের ছেলে শহীদ সর্দার (৫৮), সোনাতলা গ্রামের ইউসুফ সেখ ওরফে এছো সেখের ছেলে হীরা (১৩), বাঘলপুর গ্রামের ময়েন সরদার(৬৫) এবং তার নাতনী মৃত শিরু সরদারের মেয়ে শিখা খাতুন (১৩)। 

রাজশাহী: মোহনপুর উপজেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত চারজন। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলো, মোহনপুর আতা নারায়নপুর গ্রামের শামসুদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক, হাটতৌড় গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল আজিজ ও ডাঙ্গাপাড়া গ্রামের দীপেন চন্দের ছেলে সত্য চন্দ্র।

এদিকে, মোহনপুরে বজ্রপাতের ঘটনায় আরো তিনজন এবং বাগমারায় একজন আহত হয়েছেন। আহতরা হলো, মোহনপুর মোলাডাইং এলাকার খবির উদ্দিনের স্ত্রী জাহানারা, বারুইপাড়া এলাকার আব্দুর রহিমের স্ত্রী আলীমুন, কোলাপুরি গ্রামের কালুর ছেলে জামাল ও বাগমারা ধামিন কৌড় গ্রামের কালামের স্ত্রী রহিমা। আহতদের মোহনপুর ও বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অপরদিকে, বাগমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, বজ্রপাতে একজন আহত হওয়ার কথা শুনেছি। স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে।

ঢাকা: রাজধানীর ডেমরায় ফুটবল খেলার সময় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো, তাহসান লিংকন (২০), শাহেদ (২৪)।

গাজীপুর: কাপাসিয়ায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সাতানা গ্রামের সানাউল্লাহ বেপারীর ছেলে মো. সাত্তার আলী (২৬) এবং কাপাসিয়ার খিরাটি গ্রামের কাজল মিয়ার স্ত্রী রুবিনা (৪০)।

কাপাসিয়া থানার উপ-পরিদর্শক মো. শাহজাহান জানান, দিনমজুর মো. সাত্তার আলী কাপাসিয়া উপজেলার উত্তরখামের গ্রামের আব্দুর রশীদের জমিতে ধান কাটছিল। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

অপরদিকে, গৃহবধূ রুবিনা মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

কিশোরগঞ্জ: বাজিতপুর ও হোসেনপুরে বজ্রপাতে কলেজছাত্রসহ চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৃথক দু্ইটি ঘটনা ঘটে।

নিহতরা হলো, বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের বাহেরনগর গ্রামের মঞ্জু মিয়ার ছেলে স্বপন মিয়া (২০), একই উপজেলার পিরিজপুর ইউনিয়নের কইকুরী গ্রামের আবু বক্করের স্ত্রী রিজিয়া বেগম (৫৬), হোসেনপুর উপজেলায় আড়াইবাড়িয়া গ্রামের রহমত আলীর ছেলে ও হোসেনপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র শরীফুল ইসলাম শুভ (১৮) এবং তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের ইশাবশর গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী মমতা বেগম (৪৫)।

দিলালপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান গোলাম কিবরিয়া নভেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, বিকেল বাড়ি থেকে চর বিশ্বনাথপুর এলাকায় ধানাকাটা শ্রমিকদের জন্য খাবার পানি নিয়ে যাওয়ার পথে বজ্রপাতে মৃত্যু হয় কলেজছাত্র শুভর।

হোসেনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

নেত্রকোনা: কেন্দুয়ায় বজ্রপাতে কৃষক রইছ উদ্দিন (৫০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার আশুজিয়া ইউনিয়নের ভগবতীপুর গ্রামের পানিডুবি বিলের খালপাড় এ ঘটনা ঘটে। নিহত রইছ উদ্দিন ভগবতীপুর গ্রামের মৃত শামছ উদ্দিনের ছেলে।

আশুজিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম বজ্রপাতে রইছ উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হবিগঞ্জ: বানিয়াচংয়ে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। তিনি উপজেলার প্রতাপপুর গ্রামের তাজুল মিয়ার ছেলে হাবিব মিয়া (৩০)।

ব্রাহ্মণবাড়িয়া: সরাইলে বজ্রপাতে জাহানারা বেগম (৪৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহানার দুবাজাইল গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নওগাঁ: আত্রাইয়ে বজ্রপাতে জয়নাল উদ্দিন (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। কৃষক জয়নাল উদ্দিন উপজেলার বিষা উত্তর গ্রামের মৃত ব্যাঙ্গা প্রামাণিকের ছেলে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) বদরুদ্দৌজা বিষয়টি নিশ্চিত করেছেন।

নাটোরে লালপুরে বজ্রপাতে নারীসহ দুজন নিহত হয়েছেন। দুইজন আহত হয়েছেন। আহতদের লালপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ বজ্রপাতে নাটোরের লালপুর উপজেলার উত্তর লালপুরের বান্টু আলীর স্ত্রী সাহারা বানু (৪৮) ও রঘুনাথপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোবারক আলী (৩০) ঘটনাস্থলেই নিহত হন।

একই সময়ে উপজেলার মোহরকয়া গ্রামে আব্দুস সালামের স্ত্রী পাপিয়া খাতুন (২৫) ও কাজীপাড়ার জনৈক মোহাম্মদ আলীর ছেলে সাজেদুল ইসলাম বজ্রপাতে আহত হয়েছেন। আহত দুজনকেই লালপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

===========

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G