বিশ্বকাপে সবচেয়ে দামি স্কোয়াড ফ্রান্সের, আর্জেন্টিনা এবং ব্রাজিল কত নম্বরে?

প্রথম প্রকাশঃ জুন ৪, ২০২৬ সময়ঃ ১১:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৮ অপরাহ্ণ

বিশ্বকাপ শুরুর আগে শক্তির বিচারে ব্রাজিলকে এবার খুব বেশি এগিয়ে রাখছেন না অনেকে। এমনকি দলটির অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরোও বলেছেন, ব্রাজিল এবার সবচেয়ে বড় ফেবারিট নয়।

তবে খেলোয়াড়দের বাজারমূল্যের হিসাবেও একই ধরনের চিত্র দেখা গেছে। আন্তর্জাতিক ফুটবাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘ট্রান্সফাররুম’-এর এক সমীক্ষায় দেখা যায়, অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বাজারমূল্যের দিক থেকে ব্রাজিলের অবস্থান ষষ্ঠ।

খেলোয়াড়দের বয়স, সাম্প্রতিক পারফরম্যান্স, ভবিষ্যৎ সম্ভাবনা, চুক্তির মেয়াদ, পুনর্বিক্রয় মূল্য এবং যে লিগে তারা খেলেন তার মান—এসব বিষয় বিবেচনায় নিয়ে এই মূল্যায়ন করা হয়েছে।

তালিকার শীর্ষে রয়েছে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, মাইকেল ওলিসের মতো তারকাদের নিয়ে দলটির মোট বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১৪৬ কোটি ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২০ হাজার কোটিরও বেশি।

ফ্রান্সের পর রয়েছে স্পেন, ইংল্যান্ড, জার্মানি ও পর্তুগাল। এই পাঁচটি দলকেই ইউরোপীয় ফুটবলের ‘বিলিয়নিয়ার স্কোয়াড’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এরপরই রয়েছে ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, এনদ্রিক, রায়ানের মতো তরুণ ও প্রতিষ্ঠিত ফুটবলারদের সঙ্গে নেইমার, দানিলো ও অ্যালেক্স সান্দ্রোর অভিজ্ঞতা মিলিয়ে শক্তিশালী দল গড়েছে সেলেসাওরা।

২৬ সদস্যের ব্রাজিল স্কোয়াডের মোট বাজারমূল্য প্রায় ৯৪ কোটি ১০ লাখ ইউরো। বাংলাদেশি টাকায় যা প্রায় ১০ হাজার ৪৭২ কোটি টাকার সমান।

বর্তমানে ব্রাজিলের সবচেয়ে মূল্যবান ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। তবে বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়দের সামগ্রিক তালিকায় তাঁর অবস্থান দশম। তাঁর আনুমানিক বাজারমূল্য ১২ কোটি ৮০ লাখ ইউরো। এই তালিকায় শীর্ষ তিনে আছেন লামিনে ইয়ামাল, আর্লিং হলান্ড ও কিলিয়ান এমবাপ্পে।

যদিও বাজারমূল্যের হিসাবকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তাঁর বিশ্বাস, বর্তমান সময়ের সেরা ফুটবলারদের মধ্যে দুজন ব্রাজিলেরই।

আনচেলত্তির মতে, প্রতিভা ও অভিজ্ঞতার মিশেলে গড়া এই দল বিশ্বের যেকোনো শক্তিশালী দলের সঙ্গে সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম।

অন্যদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার অবস্থান তালিকার আট নম্বরে। লিওনেল মেসিদের স্কোয়াডের মোট বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ৭৩ কোটি ৯০ লাখ ইউরো। বিশ্লেষকদের মতে, ইউরোপের শীর্ষ ক্লাবে তুলনামূলক কমসংখ্যক খেলোয়াড় থাকায় বাজারমূল্যের তালিকায় আর্জেন্টিনার অবস্থান কিছুটা নিচের দিকে নেমে গেছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বশেষ

সর্বাধিক পঠিত

20G