ভিডিও কনফারেন্সে বিদ্যুৎ আমদানি উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক:
ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের ত্রিপুরা থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরুকরেছে বাংলাদেশ। বুধবার সকালে গণভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ত্রিপুরা-কুমিল্লা আন্তঃদেশীয় গ্রিডের উদ্বোধন করেন।
ভারত থেকে আমদানিকৃত বিদ্যুতের প্রতি ইউনিটের দাম পড়বে ৬.৪৩ টাকা। এই বিদ্যুৎ কুমিল্লা ও পার্শ্ববর্তী এলাকায় ব্যবহৃত হবে। এ সময় বাংলাদেশ থেকে ১০ গিগাবাইট ব্যান্ডউইথ ভারতে রফতানির বিষয়টিও হাসিনা-মোদির টেলি কনফারেন্সের মাধ্যমে শুরু হয়।
উল্লেখ্য গত বছরের ১৬ ডিসেম্বর থেকেই এই বিদ্যুৎ আমদানি শুরু হওয়ার কথা থাকলেও দামের বিষয়টি মীমাংসিত না হওয়ায় বিষয়টি সুরাহা হয়নি। ৯ জানুয়ারি ঢাকায় বাংলাদেশ ও ভারতের ঊর্ধ্বতন সরকারি পর্যায়ের এক সভায় দামের বিষয়টির ফয়সালা হয়।
এর আগে ২০১৩ সালের ৫ অক্টোবর বাংলাদেশ ভেড়ামারা দিয়ে ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু করে। এই ৫০০ মেগাওয়াটের ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ প্রতি ইউনিট কেনা হচ্ছে আড়াই টাকা দরে। বাকি মেগাওয়াট ইউনিটপ্রতি সাড়ে চার টাকা।
নরেন্দ্র মোদি বলেন, “বাংলাদেশ-ভারতের বর্তমান সম্পর্ক প্রমান করে প্রতিবেশির সঙ্গে সম্পর্ক কেমন হওয়া উচিত । জল, স্থল, বিদ্যুৎ সবখানেই ভারত-বাংলাদেশ একসঙ্গে কাজ করছে। এবার মহাকাশেও ভারত বাংলাদেশের সঙ্গে একসাথে এগিয়ে যেতে আগ্রহী।”
এ সময় প্রদানমন্ত্রী বনৈ,“ ত্রিপুরা থেকে বিদ্যুৎ আমদানি এবং বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ রপ্তানি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে আরেকটি মাইলফলক স্থাপন করলো। বিদ্যুৎ আমদানি আমাদের জ্বালানির চাহিদা পূরণ করবে। বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ রপ্তানিতে ত্রিপুরাসহ এ অঞ্চলের বিকাশে ভূমিকা রাখবে”।
প্রতিক্ষণ/এডি/কেএইচ


















