যুদ্ধবিরতির ৩০দিন পর হরমুজ প্রণালি খুলে দেবে ইরান!
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা নিরসনে সম্ভাব্য একটি চূড়ান্ত সমঝোতার পর হরমুজ প্রণালি পুনরায় পুরোপুরি চালু হতে পারে বলে জানিয়েছে জাপানি সংবাদমাধ্যম Nikkei Asia। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে মধ্যপ্রাচ্যভিত্তিক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য শান্তিচুক্তি কার্যকর হওয়ার পর প্রায় ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালিতে স্থাপন করা মাইন অপসারণের কাজ শেষ করবে ইরান। এ প্রক্রিয়া সম্পন্ন হলে আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ নৌপথ আবারও বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ নিরাপদ ও উন্মুক্ত হবে।
নিক্কেইর তথ্যমতে, প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোর ওপর বর্তমানে যে টোল বা অতিরিক্ত চার্জ আরোপ করা হচ্ছে, সেটিও বন্ধ করার পরিকল্পনা রয়েছে তেহরানের।
এদিকে প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত এপ্রিলের শুরুতে দুই দেশের মধ্যে হওয়া অস্থায়ী যুদ্ধবিরতির সময়সীমা আরও ৬০ দিন বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে। এই সময়ের মধ্যেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক আলোচনা শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হওয়ায় এটি পুনরায় স্বাভাবিকভাবে চালু হলে আন্তর্জাতিক তেলবাজারেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।
প্রতি / এডি / শাআ













