শোলাকিয়ায় হামলায় ২ পুলিশসহ নিহত ৪

প্রকাশঃ জুলাই ৭, ২০১৬ সময়ঃ ৯:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

 

bbc_134259_134268

ঈদের দিনটিতে কিশোরগঞ্জে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুই পুলিশ কনস্টেবল ও এক নারীসহ চারজন নিহত হয়েছেন। এ সময় ছয় পুলিশসহ আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ সংঘর্ষ ঘটে।

নিহতরা  হলেন পুলিশ কনস্টেবল জহিরুল ও আনসারুল, গৃহবধূ ঝর্ণা রানী ভৌমিক এবং এক হামলাকারী। তার নাম-পরিচয় জানা যায়নি।

হামলায় আহতরা হচ্ছেন- এসআই নয়ন মিয়া ও কনস্টেবল প্রশান্ত, জুয়েল, রফিকুল, তুষার ও মশিউর। পথচারী তিনজন হচ্ছেন- আব্দুর রহিম, হৃদয় ও মোতাহার। আহত অন্য পথচারীরর নাম জানা যায়নি।

গুরুতর আহত ছয় পুলিশ সদস্যকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ময়মনসিংহ সিএমএইচে স্থানান্তর করা হয়। সিএমএইচ থেকে তাদের হেলিকপ্টারে করে ঢাকা পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ৯টায় শোলাকিয়া ঈদ জামাতের ইমাম মাওলানা ফরিদ উদ্দীন মাসউদের হেলিকপ্টার আজিমুদ্দীন স্কুল মাঠে নামার সঙ্গে সঙ্গেই সন্ত্রাসীরা ককটেল হামলা চালায়।

পরে পুলিশের ধাওয়া খেয়ে সন্ত্রাসীরা ওই এলাকার একটি গলিতে ঢুকে পড়ে। তখন পুলিশ ও র‌্যাবের সঙ্গে তাদের ব্যাপক গোলাগুলি হয়।  প্রায় দুই ঘণ্টাব্যাপী গোলাগুলিতে এক জঙ্গি নিহত ও আরেক জঙ্গিকে গুরুতর আহত অবস্থায় আটক করেছে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত হামলাকারীদের ধরতে তিন প্লাটুন বিজিবি ও র‌্যাবের একটি দল যোগ দিয়েছে। পরে জঙ্গি সন্দেহে আহসানউল্লাহ নামে এক যুবককে আটক করে র‌্যাবের জিম্মায় নেওয়া হয়। তিনি শহরের বয়লা এলাকার আব্দুল হাইয়ের ছেলে।

এদিকে গোলাগুলির সময় শোলাকিয়া এলাকার বাসিন্দা ঝর্ণা রাণী ভৌমিক গুলিবিদ্ধ হয়ে মারা যান। তিনি এ সময় ঘরের দরজা-জানালা বন্ধ করে তার স্বামী-সন্তান নিয়ে ঘরে অবস্থান করছিলেন। হঠাৎ জানালা ভেদ করে একটি গুলি তার মাথায় লাগলে তিনি ঘটনাস্থলে মারা যান।

এদিকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার জঙ্গির নাম আবু মুক্কাদিল বলে জানা গেছে। তার বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট এলাকায়। সে মাদ্রাসার আলিম শ্রেণির ছাত্র বলে একটি সূত্র জানিয়েছে। এ জঙ্গি জানিয়েছে, হামলা তারা পাঁচজন অংশ নিয়েছিল। তারা কেউ কাউকে চেনে না বলেও জানায়। এ হামলার ঘটনায় মোট চারজন নিহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, জঙ্গিরা গোলাগুলি করতে করতে শোলাকিয়া এলাকার একটি বাসায় ঢুকে পড়ে। সেখান থেকে তারা পুলিশের ওপর গুলি করে তারা। এ  কারণে এ বাড়ির মালিক আওয়ামী লীগ নেতা আবদুল হান্নান ভূঁইয়া বাবুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নূরুজ্জামান বলেছেন, এটি প্রশিক্ষিত জঙ্গি বাহিনীর কাজ। তদন্ত শেষ না করে বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না। পুলিশের একটি সূত্র জানিয়েছে, জঙ্গিরা রিভলবার, বোমা ও ধারালো অস্ত্র নিয়ে এ হামলায় অংশ নেয়।

শোলাকিয়া মাঠের পশ্চিম পাশে আজিমউদ্দিন স্কুলের কাছে গোলাগুলির ঘটনা ঘটলেও শোলাকিয়ায় লাখো মুসল্লির উপস্থিতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তবে মাঠের ইমাম ফরিদ উদ্দিন মাসউদ হেলিকপ্টার দিয়ে কিশোরগঞ্জ গেলেও তিনি মাঠে যাননি।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G