৩০ মার্চের মধ্যে তারেককে গ্রেপ্তারের নির্দেশ
আদালত প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে আগামী ৩০ মার্চের মধ্যে গ্রেপ্তার করার আদেশ দিয়েছেন আদালত। শেখ মুজিবুর রহমানকে পাকবন্ধু বলায় তার বিরুদ্ধে দায়ের করা মামলায় এ নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার গ্রেপ্তার করার শেষ দিন থাকলেও পুলিশ গ্রেপ্তার করতে ব্যার্থ হওয়ায় ঢাকা মহানগর হাকিম আনোয়ার ছাদাত এই আদেশ দেন।
তারেক রহমানের বিরুদ্ধে ২০১৪ সালের ২২ ডিসেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মামলার এজাহার থেকে জানা যায়, তারেক রহমান ওই বছরের ১১ নভেম্বর পূর্ব লন্ডনের আট্রিয়াম হলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লন্ডন বিএনপি শাখা আয়োজিত সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেন ও মানহানিকর বক্তব্য দেন।
তারেক রহমান তার বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধু পাকিস্তানী পাসপোর্ট নিয়ে বাংলাদেশে এসেছেন। তিনি বঙ্গবন্ধু নন, পাকবন্ধু।’ পরের দিন বিভিন্ন গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রকাশিত হয়।
তার এ বক্তব্যে আওয়ামী লীগের একশ’ কোটি টাকার সম্মানহানি হয়েছে দাবি করে দ-বিধি ৪৯৯/৫০০ ধারায় তারেকের বিরুদ্ধে মামলা করা হয়। দলটির কেন্দ্রীয় উপ-কমিটির সহসম্পাদক মো.করিমের আদালতে মামলাটি করেন।
প্রতিক্ষণ/এডি/রানা
























